ভুয়া বাজির ভিডিও ছড়ানোর অভিযোগ পলিমার্কেটের বিরুদ্ধে
ভুয়া বাজির ভিডিও ছড়ানোর অভিযোগ পলিমার্কেটের বিরুদ্ধে।অর্থের বিনিময়ে বিভ্রান্তিকর প্রচারণায় কনটেন্ট নির্মাতাদের ব্যবহার করার দাবি ওয়াল স্ট্রিট জার্নালের।

অনলাইন পূর্বাভাসভিত্তিক বাজির প্ল্যাটফর্ম পলিমার্কেটের বিরুদ্ধে বিভ্রান্তিকর ভিডিও প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)-এর এক অনুসন্ধানে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি কনটেন্ট নির্মাতাদের অর্থের বিনিময়ে এমন ভিডিও তৈরি করতে উৎসাহিত করেছে, যেখানে তাদের বিপুল অঙ্কের লাভজনক বাজি ধরতে দেখা যায়, যদিও এসব লেনদেন ও আয় বাস্তবে ঘটেনি।
ডব্লিউএসজে জানিয়েছে, তারা পলিমার্কেট-সম্পর্কিত ১ হাজার ১০০টি ভিডিও বিশ্লেষণ করেছে এবং কনটেন্ট নির্মাতাদের জন্য কোম্পানির দেওয়া নির্দেশনামূলক নথিও পর্যালোচনা করেছে। প্রতিবেদনে বলা হয়, অনেক ভিডিও পলিমার্কেটের ওয়েবসাইটের প্রায় হুবহু অনুকরণে তৈরি নকল প্ল্যাটফর্মে ধারণ করা হয়েছিল এবং সেখানে দেখানো বাজি ও লাভের তথ্য ছিল কাল্পনিক।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে একটি বিপণন ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালিত ‘সোশ্যাল মিডিয়া আর্মি’ ব্যবহার করা হয়েছিল, যা ভিডিওগুলোর প্রচার ও প্রসারে ভূমিকা রাখে।
ডব্লিউএসজের দাবি, পলিমার্কেট কনটেন্ট নির্মাতাদের তাদের ভিডিও যে অর্থের বিনিময়ে তৈরি, সেটি প্রকাশ না করারও পরামর্শ দিয়েছিল। তবে সাংবাদিকদের অনুসন্ধান শুরু হওয়ার পর কিছু নির্মাতা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিতিতে ‘@polymarket partner’ উল্লেখ করতে শুরু করেন।

পলিমার্কেটের হয়ে মার্চ পর্যন্ত কাজ করা কলেজ শিক্ষার্থী ও কনটেন্ট নির্মাতা রাজিন খান অবশ্য এসব অভিযোগকে বিজ্ঞাপনের সঙ্গে তুলনা করেছেন। তার ভাষায়, ‘আমরা বাস্তবে যা ঘটে, সেটিই তুলে ধরছি। ফাস্টফুডের বিজ্ঞাপনেও খাবার বাস্তবের চেয়ে বেশি আকর্ষণীয় দেখানো হয়।’
অভিযোগের বিষয়ে পলিমার্কেট এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘নির্ভুল, ন্যায্য ও স্বচ্ছ বাজার’ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের প্রচারণামূলক কনটেন্টের একটি নিরীক্ষা বা অডিট পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে।






