রোবোট্যাক্সি খাতে ২৫০ মিলিয়ন ডলার তুলল মুভ। নাইজেরিয়ায় প্রতিষ্ঠিত এবং বর্তমানে দুবাইভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মুভ (Moove) রোবোট্যাক্সি ব্যবসা সম্প্রসারণের জন্য ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে। নতুন এই বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটির মূল্যায়ন দাঁড়িয়েছে ২.১ বিলিয়ন ডলার।

এই সিরিজ সি অর্থায়ন পর্বে নেতৃত্ব দিয়েছে মুবাদালা ইনভেস্টমেন্ট কোম্পানি। এছাড়া উভেন ক্যাপিটাল, আয়ন প্যাসিফিক, ব্ল্যাকরক, উবার, ফ্র্যাঙ্কলিন টেম্পলটনসহ আরও বেশ কয়েকটি বিনিয়োগকারী এতে অংশ নিয়েছে।
২০২০ সালে যাত্রা শুরু করা মুভ বর্তমানে ১৪টি দেশে ৪২ হাজারের বেশি রাইড-শেয়ারিং যানবাহন পরিচালনা করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি গিগ চালকদের জন্য যানবাহন অর্থায়ন সেবাও দিয়ে আসছে।
কোম্পানিটি ২০২৩ সালে স্বয়ংচালিত গাড়ির বাজারে প্রবেশ করে এবং বর্তমানে ওয়েমোর রোবোট্যাক্সি বহর পরিচালনা করছে। ফিনিক্স, মিয়ামি ও লাস ভেগাসে ওয়েমোর যানবাহনের পরিচালনায় কাজ করছে মুভ, ভবিষ্যতে লন্ডনেও এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
মুভের সহ-প্রতিষ্ঠাতা ও সহ-প্রধান নির্বাহী লাদি ডেলানো জানান, ভবিষ্যতে কোম্পানির লক্ষ্য শত-সহস্র রোবোট্যাক্সির মালিকানা ও পরিচালনা করা। এ জন্য ঋণভিত্তিক অর্থায়নের মাধ্যমে স্বয়ংচালিত যানবাহন কেনার পরিকল্পনাও রয়েছে।

নতুন তহবিলের অর্থ ব্যবহার করা হবে রোবোট্যাক্সি পরিচালনা ব্যবসা সম্প্রসারণ, নতুন কর্মী নিয়োগ এবং স্বয়ংক্রিয় চার্জিং, রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিং সুবিধাসম্পন্ন আধুনিক ডিপো বা “নেস্ট” নির্মাণে। কোম্পানিটি জানিয়েছে, তাদের প্রচলিত রাইড-শেয়ারিং ব্যবসাও চলতি বছর পূর্ণ লাভজনক অবস্থায় পৌঁছানোর পথে।
