ওপেনএআইকে নজরদারিতে রাখবে মার্কিন বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (DOJ) ওপেনএআই এবং তাদের সাবেক সহযোগী প্রতিষ্ঠান স্ট্যাটসিগের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। এর আওতায় আগামী তিন বছর প্রতিষ্ঠান দুটির কর্মী নিয়োগ প্রক্রিয়া সরকারের তত্ত্বাবধানে থাকবে। একই সঙ্গে তাদের মোট ৩২ লাখ ডলার পরিশোধ করতে হবে।

বিচার বিভাগের অভিযোগ, স্থায়ী বসবাসের (গ্রিন কার্ড) জন্য বিদেশি কর্মীদের স্পন্সর করার সময় প্রতিষ্ঠান দুটি ইচ্ছাকৃতভাবে মার্কিন নাগরিকদের আবেদন করার সুযোগ সীমিত করেছিল। অভিযোগে বলা হয়েছে, তারা চাকরির বিজ্ঞাপন সাধারণ জব পোর্টালে প্রকাশ করেনি, গভীর রাতে রেডিওতে প্রচার করেছে এবং অনলাইন আবেদন না রেখে কাগজে আবেদন বাধ্যতামূলক করেছিল।
যদিও ওপেনএআই ও স্ট্যাটসিগ কোনো অনিয়মের কথা স্বীকার করেনি, তবুও সমঝোতার অংশ হিসেবে ৩২ লাখ ডলার দিতে রাজি হয়েছে। এর মধ্যে ১২ লাখ ডলার জরিমানা এবং ২০ লাখ ডলার ক্ষতিগ্রস্ত মার্কিন চাকরিপ্রার্থীদের ক্ষতিপূরণ হিসেবে সংরক্ষণ করা হবে।

এছাড়া আগামী তিন বছর ওপেনএআইকে তাদের গ্রিন কার্ড-সংক্রান্ত নিয়োগ নীতিমালা বিচার বিভাগের অনুমোদন নিতে হবে এবং প্রতি ছয় মাস অন্তর বিদেশি কর্মী স্পন্সর, মার্কিন আবেদনকারী ও সাক্ষাৎকারসংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।
বিচার বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হচ্ছে। এর আগে একই ধরনের অভিযোগে ফেসবুক ও অ্যাপলও সমঝোতায় পৌঁছেছিল।
