পাঁচ বছরের মধ্যে সবার থাকবে ব্যক্তিগত এআই সহকারী: জাকারবার্গ। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মনে করেন, আগামী পাঁচ বছরের মধ্যেই বিশ্বের শতকোটি মানুষের নিজস্ব ব্যক্তিগত এআই সহকারী থাকবে, যা দিন-রাত ২৪ ঘণ্টা ব্যবহারকারীর লক্ষ্য পূরণে কাজ করবে।
বিনিয়োগকারীদের সঙ্গে সর্বশেষ আয়-সংক্রান্ত বৈঠকে জাকারবার্গ বলেন, ভবিষ্যতে এমন এআই সহকারী তৈরি হবে, যা ব্যবহারকারীর লক্ষ্য, অভ্যাস ও প্রয়োজন বুঝে তার হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করবে।

তার মতে, এসব ব্যক্তিগত এআই অর্থ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত সম্পর্ক এবং গৃহস্থালির নানা কাজে সহায়তা করবে। তিনি বলেন, ভবিষ্যতে মানুষ একাধিক এআই সহকারীর সঙ্গে কাজ করবে এবং সে কারণে হোয়াটসঅ্যাপসহ মেটার বার্তাবিনিময় প্ল্যাটফর্মগুলোর গুরুত্ব আরও বাড়বে। বর্তমানে হোয়াটসঅ্যাপই মেটা এআই ব্যবহারের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বলে দাবি করেন তিনি।
শুধু মেটাই নয়, গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিকও এমন এআই সহকারী তৈরির দিকে এগোচ্ছে, যা শুধু প্রশ্নের উত্তর দেবে না, বরং ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজও সম্পন্ন করবে।
তবে মেটার এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগও রয়েছে। চলতি প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের পর কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়।
মেটার রিয়েলিটি ল্যাবস বিভাগ, যেখান থেকে এআর চশমা, ভিআর হেডসেট এবং সংশ্লিষ্ট প্রযুক্তি তৈরি হয়, চলতি প্রান্তিকে প্রায় ৪.৬ বিলিয়ন ডলার লোকসান করেছে। ২০২১ সাল থেকে এ বিভাগটির মোট লোকসান দাঁড়িয়েছে প্রায় ৮৮ বিলিয়ন ডলারে।
এদিকে এআই অবকাঠামোতে বড় বিনিয়োগের কারণে মেটার ফ্রি ক্যাশ ফ্লোও উল্লেখযোগ্যভাবে কমেছে। এক বছর আগে যেখানে এটি ছিল ৮.৫৫ বিলিয়ন ডলার, সেখানে চলতি প্রান্তিকে নেমে এসেছে মাত্র ৭৮৪ মিলিয়ন ডলারে, যা প্রায় ৯১ শতাংশ হ্রাস।
সম্প্রতি মেটা ও ব্ল্যাকরক যৌথভাবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোতে ১৪ বিলিয়ন ডলারের একটি ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে, যা কোম্পানিটির এআই অবকাঠামো সম্প্রসারণের অংশ।

জাকারবার্গের মতে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিক্রির মাধ্যমে কম্পিউটিং ক্ষমতা বিক্রির চেয়ে বেশি মুনাফা অর্জন করা সম্ভব হবে। তিনি বিশ্বাস করেন, ব্যক্তিগত এআই সহকারীগুলোই আগামী দিনে মেটার নতুন পণ্য ও আয়ের অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠবে।
মেটা জানিয়েছে, চলতি প্রান্তিকে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে চালু করা তাদের ব্যবসায়িক এআই সহকারী ইতোমধ্যে বিশ্বজুড়ে ১০ লাখের বেশি প্রতিষ্ঠান ব্যবহার করছে। এখন সাধারণ ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগত এআই সহকারী জনপ্রিয় করাই কোম্পানির পরবর্তী বড় লক্ষ্য।
