টিন্ডারের নতুন কৌশল, বাস্তব জীবনের ইভেন্ট ৭৫ শহরে। অনলাইন ডেটিংয়ে তরুণ প্রজন্মের আগ্রহ কমতে থাকায় নতুন কৌশল নিয়েছে জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডার। জেনারেশন জেড ব্যবহারকারীদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি তাদের ইন-অ্যাপ বাস্তব জীবনের (IRL) ইভেন্ট সুবিধা আরও বিস্তৃত করছে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে এই সেবা বিশ্বের ২৬টি শহরে চালু হবে, আর ২০২৬ সালের শেষ নাগাদ তা ৭৫টি শহরে পৌঁছাবে।

ম্যাচ গ্রুপের দ্বিতীয় প্রান্তিকের আয়-সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়েছে, টিন্ডারের আয় কমেছে এবং মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও ৭ শতাংশ হ্রাস পেয়েছে। তবে প্রতিষ্ঠানটি মনে করছে, বাস্তব জীবনের সামাজিক আয়োজন ব্যবহারকারীদের আবারও প্ল্যাটফর্মে ফিরিয়ে আনতে সহায়তা করবে।
টিন্ডারের ‘ইভেন্টস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্থানীয় বিভিন্ন আয়োজন—যেমন বোলিং, পটারি ক্লাস, স্পিকইজি, রেভ পার্টি ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের তথ্য জানতে পারবেন এবং অংশ নেওয়ার সুযোগ পাবেন। গত মার্চে লস অ্যাঞ্জেলেসে পরীক্ষামূলকভাবে চালুর পর এখন এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরও কয়েকটি শহরে সম্প্রসারিত হয়েছে।
ম্যাচ গ্রুপের প্রধান নির্বাহী স্পেনসার রাসকফ জানান, ১৮ থেকে ২৯ বছর বয়সী অনেক তরুণ এখন অনলাইনের পরিবর্তে বাস্তব জীবনে নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে আগ্রহী। তাদের অভ্যন্তরীণ গবেষণায় দেখা গেছে, এই বয়সী প্রায় অর্ধেক অবিবাহিত ব্যক্তি সম্ভাব্য সঙ্গীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ চান।

প্রতিষ্ঠানটির দাবি, লস অ্যাঞ্জেলেসে ১৮ থেকে ২৪ বছর বয়সী সক্রিয় টিন্ডার ব্যবহারকারীদের ৭১ শতাংশ নতুন ‘ইভেন্টস’ বিভাগে অংশ নিয়েছেন। এছাড়া যারা এখনো টিন্ডার ব্যবহার করেন না, তাদেরও উল্লেখযোগ্য অংশ জানিয়েছেন, এমন বাস্তবভিত্তিক আয়োজন থাকলে তারা অ্যাপটি ব্যবহারে আগ্রহী হতে পারেন।
টিন্ডারের আশা, বাস্তব জীবনের এই সামাজিক উদ্যোগ শুধু নতুন ব্যবহারকারীই বাড়াবে না, বরং অনলাইন ডেটিংয়ের ধারণাকেও নতুনভাবে জনপ্রিয় করে তুলবে।
