এআই নিজেই তুলল ১০০ মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা–প্রযুক্তি প্রতিষ্ঠান লাইজার নিজেদের তৈরি এআই এজেন্ট ব্যবহার করেই ১০০ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ সংগ্রহ করেছে। তিন বছর পুরোনো প্রতিষ্ঠানটি এ বিনিয়োগের মাধ্যমে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের মূল্যায়ন পেয়েছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘শিবাক্ল’ নামের এআই এজেন্টটি বিনিয়োগ সংগ্রহের পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি ১৩০টির বেশি সম্ভাব্য বিনিয়োগকারীর প্রশ্নের উত্তর দিয়েছে, বিনিয়োগ–সংক্রান্ত নথি তৈরি করেছে এবং উপস্থাপনার কোন অংশে বিনিয়োগকারীরা বেশি সময় ব্যয় করছেন, সেটিও বিশ্লেষণ করেছে।
লাইজারের দাবি, তাদের এআই এজেন্ট কার্যত পুরো বিনিয়োগ সংগ্রহের কাজই পরিচালনা করেছে। একই সঙ্গে এটি প্রতিষ্ঠানের প্রযুক্তির কার্যকারিতাও প্রমাণ করেছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সিলিকন ভ্যালি, মধ্যপ্রাচ্য এবং আর্থিক খাতের বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৪০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আগ্রহ পেয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এ জন্য প্রতিষ্ঠাতাদের প্রচলিত নিয়মে বিভিন্ন শহরে গিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকও করতে হয়নি।

বিশ্লেষকদের মতে, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগের আগ্রহ থাকায় সম্ভাবনাময় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় অঙ্কের অর্থ সংগ্রহ আগের তুলনায় অনেক সহজ হয়ে উঠছে।
