ইউরোপে ২ হাজার রোবোট্যাক্সি আনবে উবার ও পনি এআই। উবার ও চীনা স্বচালিত গাড়ি নির্মাতা পনি এআই ইউরোপের চারটি শহরে ২ হাজার রোবোট্যাক্সি চালুর পরিকল্পনা করেছে। তবে কোন শহরে এবং কবে থেকে এসব গাড়ি চলবে, তা এখনো জানানো হয়নি। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, পর্যায়ক্রমে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে।

এই অংশীদারত্বের আওতায় পনি এআই স্বচালিত গাড়ির প্রযুক্তি সরবরাহ করবে। আর উবার তার বড় রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম ব্যবহার করে যাত্রীসেবা পরিচালনা করবে। গাড়ির রক্ষণাবেক্ষণ, পরিষ্কার ও চার্জ দেওয়ার কাজ স্থানীয় কোনো অংশীদার প্রতিষ্ঠান করতে পারবে।
রোবোট্যাক্সিগুলোর মালিকানাও বাজারভেদে বিভিন্ন অংশীদারের হাতে থাকতে পারে। ফলে পনি এআইকে প্রতিটি গাড়ি নিজে পরিচালনা বা মালিকানা নেওয়ার বদলে মূলত স্বচালিত প্রযুক্তি সরবরাহের দিকে মনোযোগ দিতে হবে।
উবার গত কয়েক বছরে ৩০টির বেশি স্বচালিত গাড়ি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে। পনি এআই ইতোমধ্যে চীনের চারটি শহরে কার্যক্রম চালু করেছে এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রোবোট্যাক্সি সেবা সম্প্রসারণের চেষ্টা করছে।

উবার ও পনি এআইয়ের অংশীদারত্ব শুরু হয়েছিল ২০২৫ সালের মে মাসে, মূলত মধ্যপ্রাচ্যের বাজারকে লক্ষ্য করে। চলতি বছর তারা ক্রোয়েশিয়ার জাগরেবে স্থানীয় প্রতিষ্ঠান ভার্নের সঙ্গে বাণিজ্যিক রোবোট্যাক্সি সেবা চালুর পরিকল্পনাও ঘোষণা করে।
নতুন চুক্তির মাধ্যমে ইউরোপের রোবোট্যাক্সি বাজারে দুই কোম্পানির বাণিজ্যিক সম্প্রসারণের পরিকল্পনা আরও বড় হলো।
