১৯ বছরেই অস্ত্র কোম্পানি, মূল্য ১৮০ কোটি ডলার
১৯ বছরেই অস্ত্র কোম্পানি, মূল্য ১৮০ কোটি ডলার।মাত্র ১৯ বছর বয়সে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে পড়াশোনা ছেড়ে অস্ত্র তৈরির উদ্যোগ নেন ইথান থর্নটন। তিন বছর পর তার প্রতিষ্ঠিত প্রতিরক্ষা প্রযুক্তি স্টার্টআপ ম্যাক ইন্ডাস্ট্রিজ এখন ছয়টি অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে এবং সম্প্রতি ৩০ কোটি ডলারের সিরিজ সি বিনিয়োগ পেয়েছে। নতুন বিনিয়োগের ফলে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে ১৮০ কোটি মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ছোট শহর বার্নেটে বেড়ে ওঠা থর্নটন কৈশোর থেকেই চীনের উত্থান এবং ভবিষ্যতের ভূরাজনৈতিক সংঘাত নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তার বিশ্বাস ছিল, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে চালকবিহীন বা স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পর্যাপ্ত গতিতে এগোচ্ছে না।
বর্তমানে ম্যাক ইন্ডাস্ট্রিজ উল্লম্বভাবে উড্ডয়ন সক্ষম আক্রমণ বিমান, দূরপাল্লার জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন ধ্বংসে সক্ষম সাশ্রয়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনীর জন্য প্রায় ৪০ ফুট দীর্ঘ লজিস্টিক ও আক্রমণ বিমানসহ ছয়টি পৃথক প্রকল্পে কাজ করছে। কোম্পানিটির এখনো কোনো পণ্য পূর্ণমাত্রায় উৎপাদনে না গেলেও ইতোমধ্যে প্রায় ১৩টি সরকারি চুক্তি পেয়েছে।
থর্নটনের লক্ষ্য, চলতি বছরের মধ্যেই কয়েকটি প্রযুক্তিকে কার্যকরভাবে মোতায়েন করা এবং অন্তত তিনটি প্রকল্পকে পূর্ণ উৎপাদন পর্যায়ে নেওয়া। তার পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রতি মাসে শত শত নয়, বরং কয়েক লাখ ইউনিট উৎপাদনের সক্ষমতা গড়ে তুলবে কোম্পানিটি।
ম্যাক ইন্ডাস্ট্রিজের ধারণা, উৎপাদন সক্ষমতায় চীনের সঙ্গে প্রতিযোগিতা করা যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন। তাই তাদের লক্ষ্য বেশি উৎপাদন নয়, বরং উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে থাকা। থর্নটনের ভাষায়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হলো সৃজনশীলতা ও দ্রুত নতুন পণ্য তৈরির সক্ষমতা।
প্রতিরক্ষা প্রযুক্তি খাতে ম্যাক ইন্ডাস্ট্রিজের কৌশল অনেকটা প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যান্ডুরিল-এর মতো হলেও থর্নটন দাবি করেন, তাদের পদ্ধতি ভিন্ন। অ্যান্ডুরিল যেখানে সফটওয়্যারকেন্দ্রিক, সেখানে ম্যাক ইন্ডাস্ট্রিজ হার্ডওয়্যারকে কেন্দ্র করে প্রযুক্তি তৈরি করছে এবং পরে তার সঙ্গে সফটওয়্যার যুক্ত করছে।

কোম্পানিটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে সিকোইয়া ক্যাপিটাল, খোসলা ভেঞ্চারস ও রিবিট ক্যাপিটালের মতো পরিচিত প্রতিষ্ঠান। বিশ্লেষকদের মতে, অল্প সময়ের মধ্যে বিপুল বিনিয়োগ ও উচ্চ মূল্যায়ন পাওয়ায় ম্যাক ইন্ডাস্ট্রিজ এখন প্রতিরক্ষা প্রযুক্তি খাতের অন্যতম আলোচিত স্টার্টআপে পরিণত হয়েছে।
কেন গুরুত্বপূর্ণ
বিশ্বজুড়ে প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ দ্রুত বাড়ছে এবং ভবিষ্যতের যুদ্ধব্যবস্থায় স্বয়ংক্রিয় ও চালকবিহীন অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে ২২ বছর বয়সী এক উদ্যোক্তার প্রতিষ্ঠিত কোম্পানির ১৮০ কোটি ডলারের মূল্যায়ন দেখাচ্ছে, প্রতিরক্ষা প্রযুক্তি এখন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও দ্রুত বিকাশমান প্রযুক্তি খাতগুলোর একটি।






