স্ট্রাইপ ৭ বিলিয়ন ডলারের বেশি দামে ওপেনরাউটার কিনতে পারে। পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইপ কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামা কোম্পানি ওপেনরাউটার অধিগ্রহণের চুক্তি চূড়ান্ত করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সম্ভাব্য চুক্তির মূল্য ৭ বিলিয়ন ডলারের বেশি হতে পারে।

ওপেনরাউটার এমন একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রয়োজন ও বাজেট অনুযায়ী বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বেছে নিয়ে ব্যবহার করতে পারেন। এর ফলে কোনো একটি মডেল বা প্রতিষ্ঠানের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে হয় না।
মে মাসে ওপেনরাউটার ১১৩ মিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছিল। তখন কোম্পানিটির মূল্যায়ন ছিল প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। ওই বিনিয়োগকারীদের মধ্যে ছিল সিকোইয়া, আন্দ্রেসেন হোরোভিটজ, মেনলো ভেঞ্চারস এবং অ্যালফাবেটের ক্যাপিটালজি।
ওপেনরাউটারের প্রধান নির্বাহী অ্যালেক্স আতালাহ তখন প্রতিষ্ঠানটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ‘স্ট্রাইপের মতো’ একটি সেবা হিসেবে বর্ণনা করেছিলেন। কোম্পানির দাবি, তাদের বিশ্বজুড়ে প্রায় ৮০ লাখ ব্যবহারকারী রয়েছে এবং প্ল্যাটফর্মটিতে ৪০০টির বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলে প্রবেশাধিকার দেওয়া হয়।

এর আগে জুলাইয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, স্ট্রাইপ ও ওপেনরাউটারের মধ্যে অধিগ্রহণ নিয়ে আলোচনা চলছে। এবার ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সেই আলোচনা ৭ বিলিয়ন ডলারের বেশি মূল্যের একটি চুক্তিতে গড়াতে পারে।
তবে স্ট্রাইপের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি গুজব বা জল্পনা নিয়ে মন্তব্য করে না। ফলে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্ট্রাইপের পক্ষ থেকে সরাসরি ঘোষণা আসেনি।
