পেপ্যাল বিক্রির আলোচনা জোরালো, কিনতে পারে স্ট্রাইপ ও অ্যাডভেন্ট। পেপ্যালকে ৫৩ বিলিয়ন ডলারে কিনে নেওয়ার সম্ভাবনা নিয়ে স্ট্রাইপ ও বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাডভেন্টের সঙ্গে আলোচনা আবারও জোরালো হয়েছে।

জুলাইয়ে স্ট্রাইপ ও অ্যাডভেন্ট প্রতি শেয়ার ৬০.৫০ ডলার দামে পেপ্যাল কেনার প্রস্তাব দিয়েছিল। এতে পুরো কোম্পানির মূল্য দাঁড়াত প্রায় ৫৩ বিলিয়ন ডলার। তখন পেপ্যাল প্রস্তাবটি গ্রহণ করেনি। তবে ওয়াল স্ট্রিট জার্নালের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা থেমে যায়নি এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে চুক্তি হতে পারে।
পেপ্যাল ও স্ট্রাইপ অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
কোম্পানিটির নতুন প্রধান নির্বাহী এনরিক লোরেস বর্তমানে পেপ্যালের ব্যবসা ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছেন। মার্চে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রতিষ্ঠানের কাঠামোতে বড় পরিবর্তন আনেন। ব্যবসাকে তিনটি প্রধান অংশে ভাগ করা হয়েছে—পেমেন্ট ও পেপ্যাল সেবা, ভোক্তা আর্থিক সেবা ও ভেনমো, এবং পেমেন্ট সেবা ও ক্রিপ্টো।
লোরেস পেপ্যালকে আবার প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে আগামী দুই থেকে তিন বছরে কর্মীসংখ্যা প্রায় ২০ শতাংশ কমানোর পরিকল্পনাও রয়েছে।

মহামারির সময় অনলাইন কেনাকাটা বাড়ায় পেপ্যালের ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রবৃদ্ধির গতি কমে যায় এবং কোম্পানিটি নানা চাপে পড়ে।
এ অবস্থায় পেপ্যাল বিক্রি হয়ে গেলে এটি প্রযুক্তি ও আর্থিক খাতের অন্যতম বড় অধিগ্রহণে পরিণত হতে পারে। তবে এখনো চূড়ান্ত চুক্তি হয়েছে—এমন কোনো নিশ্চয়তা নেই।
