ইউটিউবের সঙ্গে বড় চুক্তিতে পিকক। স্ট্রিমিং বাজারে একীভূতকরণ ও অধিগ্রহণের প্রতিযোগিতার মধ্যে নতুন পথ বেছে নিয়েছে এনবিসিইউনিভার্সাল। প্রতিষ্ঠানটি ইউটিউবের সঙ্গে বহু বছরের কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে, যার ফলে ২০২৭ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ইউটিউব প্রিমিয়াম গ্রাহকেরা পিকক প্রিমিয়াম সেবার সুবিধা পাবেন।

এই চুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ইউটিউব ছাড়াই পিককের বিভিন্ন অনুষ্ঠান, সরাসরি ক্রীড়া সম্প্রচার এবং জনপ্রিয় বিনোদনমূলক কনটেন্ট দেখতে পারবেন। এর মধ্যে এনএফএল, এনবিএ, ‘স্যাটারডে নাইট লাইভ’, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’, ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’ এবং ব্রাভোর জনপ্রিয় অনুষ্ঠানগুলোও থাকবে।
ইউটিউবের জন্য এই অংশীদারত্ব তাদের প্রিমিয়াম সেবাকে আরও আকর্ষণীয় করবে। একই সঙ্গে একটি প্ল্যাটফর্মেই প্রিমিয়াম টেলিভিশন, সরাসরি খেলাধুলা এবং নির্মাতাদের কনটেন্ট দেখার সুযোগ বাড়াবে।
বর্তমানে স্ট্রিমিং প্রতিষ্ঠানগুলো ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মের সঙ্গে দর্শক ধরে রাখার প্রতিযোগিতায় রয়েছে। এ কারণে অনেক প্রতিষ্ঠান অধিগ্রহণ ও একীভূতকরণের পথে হাঁটছে। তবে পিকক সেই পথে না গিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর কৌশল নিয়েছে।

এর আগে পিকক অ্যামাজন ও অ্যাপলের সঙ্গেও চুক্তি করেছিল। তবে ইউটিউবের সঙ্গে এই নতুন অংশীদারত্বকে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় সম্প্রসারণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রথমবারের মতো মুনাফার মুখ দেখেছে পিকক। বর্তমানে স্ট্রিমিং সেবাটির অর্থ পরিশোধকারী গ্রাহক সংখ্যা ৪ কোটি ৮০ লাখ।
চুক্তির আওতায় শুধু যুক্তরাষ্ট্র নয়, নির্বাচিত আন্তর্জাতিক বাজারেও এনবিসিইউনিভার্সালের ইউনিভার্সাল প্লাস ও হায়ু সেবা ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়া চলতি গ্রীষ্মের শেষ দিকে ইউটিউব প্রাইমটাইম চ্যানেলের মাধ্যমে আলাদা সাবস্ক্রিপশন হিসেবেও পিকক প্রিমিয়াম যুক্ত হবে।
