অ্যাপ স্টোরে ভুয়া ক্রিপ্টো অ্যাপ, অ্যাপলের বিরুদ্ধে মামলা। অ্যাপ স্টোরের নিরাপত্তা নিয়ে অবহেলার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অ্যাপ স্টোরে থাকা একটি ভুয়া ক্রিপ্টো ওয়ালেট অ্যাপ ডাউনলোড করে তিনজন ব্যবহারকারী মিলিয়ে প্রায় ১৮ লাখ ডলারেরও বেশি মূল্যের বিটকয়েন হারিয়েছেন।

মামলায় বলা হয়, ব্যবহারকারীরা ‘স্প্যারো ওয়ালেট’ নামে একটি অ্যাপ ডাউনলোড করেছিলেন। কিন্তু আসল ‘স্প্যারো বিটকয়েন ওয়ালেট’ কখনোই আইওএসে ছিল না। ভুয়া অ্যাপটিতে বিটকয়েন স্থানান্তরের পর তাদের সব সম্পদ প্রতারকদের হাতে চলে যায়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে একজনের ক্ষতি হয়েছে প্রায় ৮ লাখ ৭৫ হাজার ডলার, আরেকজনের ৮ লাখ ৪০ হাজার ডলার এবং তৃতীয়জনের প্রায় ১ লাখ ২০ হাজার ডলার।
বাদীপক্ষের দাবি, অ্যাপল দীর্ঘদিন ধরে তাদের অ্যাপ স্টোরকে নিরাপদ বলে প্রচার করেছে এবং ব্যবহারকারীরা সেই বিশ্বাসের ওপর নির্ভর করেই অ্যাপ ডাউনলোড করেন। তাই ভুয়া অ্যাপ অনুমোদনের দায় এড়াতে পারে না প্রতিষ্ঠানটি।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, আসল স্প্যারো ওয়ালেটের নির্মাতাও এর আগে অভিযোগ করেছিলেন যে অ্যাপ স্টোরে একই নামে ভুয়া অ্যাপ দীর্ঘদিন ধরে ছিল।
তিন বাদী ক্ষতিপূরণ, জুরি বিচারের সুযোগ এবং ভবিষ্যতে অ্যাপ স্টোরের ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীদের স্পষ্ট সতর্কবার্তা দেওয়ার নির্দেশনা চেয়েছেন।

অ্যাপল মামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে প্রতিষ্ঠানটি বলেছে, অন্যের পরিচয় নকল করে তৈরি অ্যাপ তাদের নীতিমালার পরিপন্থী এবং এমন অ্যাপ শনাক্ত হলে দ্রুত সরিয়ে ফেলা হয়। অ্যাপলের দাবি, বর্তমানে অ্যাপ স্টোরে স্প্যারো ওয়ালেটের কোনো ভুয়া সংস্করণ নেই। এছাড়া ২০২৫ সালে বিভ্রান্তিকর, নকল বা স্প্যাম হওয়ার কারণে ৩ লাখ ৭১ হাজারের বেশি অ্যাপ জমা বাতিল করা হয়েছে।
