উৎপাদনশীলতা বাড়াতে ফ্লিপারের নতুন ‘বিজি বার’
উৎপাদনশীলতা বাড়াতে ফ্লিপারের নতুন ‘বিজি বার’। হ্যাকার ও প্রযুক্তিপ্রেমীদের জনপ্রিয় ফ্লিপার জিরো ডিভাইসের নির্মাতা Flipper Devices এবার উন্মোচন করেছে নতুন উৎপাদনশীলতা-কেন্দ্রিক গ্যাজেট Busy Bar। এলইডি ডিসপ্লেসমৃদ্ধ ডিভাইসটি টাইমার সেট করা, কাস্টম বার্তা প্রদর্শন এবং মনোযোগ ধরে রাখতে বিভিন্ন অ্যাপ সাময়িকভাবে ব্লক করার সুবিধা দেবে।

টেবিল ঘড়ির মতো দেখতে ডিভাইসটির সামনে রয়েছে ৭২×১৬ এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লে, যা ১ কোটি ৬০ লাখ রঙ সমর্থন করে এবং পরিবেশ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বলতা সমন্বয় করতে পারে। পেছনে রয়েছে একটি ছোট মনোক্রোম স্ক্রিন, যেখানে ব্যাটারি, সংযোগ ও টাইমারের তথ্য দেখা যাবে।
ডিভাইসটিতে ওয়াই-ফাই, ব্লুটুথ ও ইউএসবি সংযোগের পাশাপাশি ৩,২৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। একবার চার্জে এটি প্রায় ৮ ঘণ্টা সক্রিয়ভাবে এবং স্ট্যান্ডবাই মোডে প্রায় দুই সপ্তাহ চলতে পারে।
Busy Bar-এর মাধ্যমে ব্যবহারকারীরা ‘মিটিংয়ে আছি’, ‘কাজ করছি’ বা ‘বিরক্ত করবেন না’—এ ধরনের বার্তা ডিসপ্লেতে দেখাতে পারবেন। পাশাপাশি Pomodoro পদ্ধতিতে কাজের সময় ভাগ করে মনোযোগ ধরে রাখার জন্য টাইমারও ব্যবহার করা যাবে।
ফ্লিপার ডিভাইসেস iOS, Android ও macOS-এর জন্য অ্যাপ প্রকাশ করছে। পরে Windows সমর্থনও যোগ করা হবে। ম্যাক ব্যবহারকারীরা মিটিং বা রেকর্ডিং শুরু করলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে ‘On Call’ স্ট্যাটাস দেখাবে এবং নোটিফিকেশন নীরব করবে।

এ ছাড়া Matter সমর্থন থাকায় এটি Amazon, Apple ও Google-ভিত্তিক স্মার্ট হোম ব্যবস্থার সঙ্গে কাজ করতে পারবে। ওপেন ফার্মওয়্যার থাকায় ডেভেলপাররাও নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন উইজেট ও ফিচার তৈরি করতে পারবেন।
আগামী ১৪ জুলাই থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডায় ডিভাইসটির বিক্রি শুরু হবে। প্রথম ৩ হাজার ক্রেতা এটি ১৯৯ ডলারে কিনতে পারবেন। এরপর দাম হবে ২৪৯ ডলার।






