স্টারশিপ উৎক্ষেপণের আগে স্পেসএক্সের শেয়ারদর কমল। স্টারশিপ রকেটের পরবর্তী পরীক্ষামূলক উৎক্ষেপণের আগে শেয়ারবাজারে চাপের মুখে পড়েছে স্পেসএক্স। বুধবার কোম্পানিটির শেয়ারদর নেমে প্রাথমিক শেয়ার বিক্রির মূল্যের কাছাকাছি পৌঁছেছে।

দিনের লেনদেনে এক পর্যায়ে শেয়ারের দাম ১৩৩ ডলারের নিচে নেমে গেলেও শেষ পর্যন্ত তা ১৩৫ দশমিক ২৭ ডলারে বন্ধ হয়। গত ১২ জুন শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় কোম্পানিটি প্রতি শেয়ারের মূল্য নির্ধারণ করেছিল ১৩৫ ডলার।
শেয়ারবাজারে আসার পর প্রথম কয়েক দিনে স্পেসএক্সের শেয়ারের দাম ২০০ ডলারের বেশি উঠেছিল। তবে এরপর থেকে প্রায় প্রতি সপ্তাহেই দর কমেছে। বিশ্লেষকদের মতে, বাজারে কোম্পানির মোট শেয়ারের মাত্র ৪ শতাংশ লেনদেন হওয়ায় দামের বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।
প্রযুক্তি খাতের শেয়ারে সাম্প্রতিক মূল্য সংশোধনের প্রভাবও স্পেসএক্সের ওপর পড়েছে। পাশাপাশি কোম্পানির বন্ডের দামও কমেছে, যা বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, স্পেসএক্সের শেয়ারের গতিপ্রকৃতি অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্ভাব্য শেয়ারবাজারে আসার পরিকল্পনার ওপরও প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে অ্যানথ্রপিক ও ওপেনএআই গোপনে প্রাথমিক শেয়ার বিক্রির জন্য আবেদন করেছে।

এদিকে বৃহস্পতিবার প্রাথমিক শেয়ার বিক্রির পর প্রথমবারের মতো স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে স্পেসএক্স। গত মে মাসে পরীক্ষার সময় রকেটের বুস্টারে ত্রুটি দেখা দিয়েছিল। এবারও রকেটের বুস্টার ও উপরের অংশ পুনরুদ্ধারের চেষ্টা করা হবে না। পরিকল্পনা অনুযায়ী উভয় অংশ মেক্সিকো উপসাগরে অবতরণের অনুকরণ করে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে।
