উবারের ইউরোপ সম্প্রসারণ পরিকল্পনায় ধাক্কা, পাঁচ দেশে যাত্রা স্থগিত।রাইড শেয়ারিং ও খাবার সরবরাহ সেবাদাতা প্রতিষ্ঠান উবার ইউরোপে সম্প্রসারণ পরিকল্পনায় সাময়িক বিরতি দিয়েছে। চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি ২০২৬ সালে ইউরোপের সাতটি নতুন দেশে কার্যক্রম চালুর ঘোষণা দিলেও এখন সেই পরিকল্পনার পাঁচটি দেশ আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, নরওয়ে ও গ্রিস।

উবার জানিয়েছে, সম্প্রতি ফিনল্যান্ড ও ডেনমার্কে সেবা চালু করে ভালো সাড়া পাওয়ায় তারা আপাতত নতুন বাজারে প্রবেশের পরিবর্তে বিদ্যমান বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দেবে। তবে বিশ্লেষকদের মতে, এর পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ইউরোপের খাবার সরবরাহ প্রতিষ্ঠান ডেলিভারি হিরো অধিগ্রহণের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে উবার।

গত মে মাসে উবারের প্রায় ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করা হলেও আলোচনা পুরোপুরি শেষ হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, নতুন দেশে সম্প্রসারণ স্থগিত রাখলে সম্ভাব্য এই অধিগ্রহণ নিয়ে প্রতিযোগিতা আইন-সংক্রান্ত জটিলতা কিছুটা কমতে পারে। কারণ ডেলিভারি হিরো ইতোমধ্যেই উবারের লক্ষ্য করা কয়েকটি দেশে ব্যবসা পরিচালনা করছে। ফলে উবারের এই সিদ্ধান্তকে ভবিষ্যৎ অধিগ্রহণ কৌশলের অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
