৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে রিয়েলমির নতুন ফোন সি১০০এক্স। তরুণদের লক্ষ্য করে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির নতুন স্মার্টফোন সি১০০এক্স বাজারে এনেছে রিয়েলমি। আজ সোমবার (১০ আগস্ট) বাংলাদেশে ফোনটি উন্মোচন করা হয়। রিয়েলমি জানিয়েছে, সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা রয়েছে। পাশাপাশি ব্যাটারির স্বাস্থ্য সাত বছর পর্যন্ত ধরে রাখার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
কোম্পানির ল্যাব পরীক্ষার তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ফোনটি সর্বোচ্চ ৬০ ঘণ্টা কল, ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার, ১৩ ঘণ্টা ফ্রি ফায়ার গেম খেলা এবং ৮০৯ ঘণ্টা স্ট্যান্ডবাই সুবিধা দিতে পারে।

ডিসপ্লে ও অডিও
সি১০০এক্সে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। এর রেজল্যুশন ৭২০×১৫৭০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং ও ৯০ দশমিক ৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও রয়েছে।
অডিওর জন্য ফোনটিতে ৩০০ শতাংশ আলট্রাবুম সাউন্ড সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও রয়েছে।
ক্যামেরা ও সুরক্ষা
ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। রিয়েলমি জানিয়েছে, ফোনটিতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাও যুক্ত করা হয়েছে।
ডিভাইসটির সুরক্ষায় রয়েছে আর্মরশেল প্রোটেকশন। পাশাপাশি এটি আইপি৬৪ রেটিং পেয়েছে। ফলে ধুলা এবং পানির ছিটা থেকে ফোনটি সুরক্ষিত থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দাম ও অফার
রিয়েলমি সি১০০এক্স দুটি র্যাম ও স্টোরেজ সংস্করণে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সংস্করণের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।
৪ জিবি সংস্করণে সর্বোচ্চ ৮ জিবি এবং ৬ জিবি সংস্করণে সর্বোচ্চ ১২ জিবি ডায়নামিক র্যাম ব্যবহারের সুবিধা রয়েছে।
ফোনটি গোল্ডেন কোস্ট ও ডিপব্লু টাইডস—এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।
এদিকে শিক্ষার্থীদের জন্য দারাজে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে রিয়েলমি। স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সি১০০এক্স কিনলে ২ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এ জন্য বৈধ স্টুডেন্ট আইডি ও সেলফি, সচল বাংলাদেশি মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে।
রিয়েলমির তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের এই কুপন ১০ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ব্যবহার করা যাবে।
