প্রযুক্তি সংবাদ

এআই এজেন্টের জন্য নতুন ব্রাউজার আনল ক্লাউডফ্লেয়ার

এআই এজেন্টের জন্য নতুন ব্রাউজার আনল ক্লাউডফ্লেয়ার
Rate this post

এআই এজেন্টের জন্য নতুন ব্রাউজার আনল ক্লাউডফ্লেয়ার। এআই এজেন্ট যাতে মানুষের মতো ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারে, সে জন্য নতুন ধরনের ব্রাউজার এনেছে ইন্টারনেট অবকাঠামো প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার। ‘কাইটসার্ফ’ নামের এই ব্রাউজারটি সাধারণ ব্যবহারকারীর জন্য নয়; এটি বিশেষভাবে এআই এজেন্টের কাজের উপযোগী করে তৈরি করা হয়েছে।

এআই এজেন্টের জন্য নতুন ব্রাউজার আনল ক্লাউডফ্লেয়ার
এআই এজেন্টের জন্য নতুন ব্রাউজার আনল ক্লাউডফ্লেয়ার

এআই প্রযুক্তি এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। বিভিন্ন এআই এজেন্ট ব্যবহারকারীর হয়ে ওয়েবসাইটে গিয়ে তথ্য খোঁজা, ফরম পূরণ করা এবং নানা ধরনের অনলাইন কাজও করতে পারছে। এসব কাজের জন্য ওয়েব ব্রাউজার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ক্লাউডফ্লেয়ারের ভাষ্য, মানুষের ব্যবহারের জন্য তৈরি প্রচলিত ব্রাউজারে ট্যাব, থিম বা ব্রাউজার এক্সটেনশনের মতো বিষয় গুরুত্বপূর্ণ হলেও এআই এজেন্টের জন্য তৈরি ব্রাউজারে এগুলোর প্রয়োজন নেই। বরং এ ধরনের ব্রাউজারে কম্পিউটিং ক্ষমতা, তথ্যের পরিমাণ, টোকেন ব্যবহারের খরচ এবং দ্রুত বড় পরিসরে কাজ করার সক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ।

কাইটসার্ফ ব্যবহার করে এআই নির্মাতারা নিজেদের ব্রাউজার তৈরি না করেই এমন সফটওয়্যার তৈরি করতে পারবেন, যা ওয়েবসাইটে প্রবেশ, তথ্য সংগ্রহ, ফরম পূরণসহ বিভিন্ন ব্রাউজারভিত্তিক কাজ করতে পারবে।

ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, মাত্র ১২ সপ্তাহে কাইটসার্ফ তৈরি করা হয়েছে। এটি পুরোপুরি প্রতিষ্ঠানটির সার্ভারবিহীন কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ওয়ার্কার্স’-এর ওপর পরিচালিত হয়। বর্তমানে পরীক্ষামূলক সংস্করণ হিসেবে বিনা মূল্যে এটি ব্যবহার করা যাচ্ছে।

প্রতিষ্ঠানটির দাবি, সাধারণ ব্রাউজার ক্রোমিয়ামের তুলনায় এআই এজেন্টের বিভিন্ন কাজে কাইটসার্ফ কম সিপিইউ ও মেমোরি ব্যবহার করে। ফলে এআই এজেন্ট পরিচালনার কম্পিউটিং খরচও কমতে পারে।

এআই এজেন্টের জন্য নতুন ব্রাউজার আনল ক্লাউডফ্লেয়ার
এআই এজেন্টের জন্য নতুন ব্রাউজার আনল ক্লাউডফ্লেয়ার

কাইটসার্ফ তৈরিতে ব্লিটজের মডুলার রেন্ডারিং ইঞ্জিন, ফায়ারফক্সের স্টাইলো সিএসএস পার্সার এবং বোয়া জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ব্রাউজারটি ইতিমধ্যে ২ লাখ ১৫ হাজারের বেশি ওয়েব প্ল্যাটফর্ম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে ক্লাউডফ্লেয়ার।

প্রতিষ্ঠানটির দাবি, কাইটসার্ফ টোডোএমভিসি, উইকিপিডিয়া, হ্যাকার নিউজ, ক্লাউডফ্লেয়ার ব্লগসহ বিভিন্ন ওয়েবসাইট সঠিকভাবে প্রদর্শন করতে পারে।

এআই এজেন্টের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েব ব্রাউজারের ধরনও বদলে যেতে পারে। সেই পরিবর্তনের সম্ভাবনাকে সামনে রেখেই কাইটসার্ফ নিয়ে ব্রাউজার প্রযুক্তির নতুন দৌড়ে যোগ দিল ক্লাউডফ্লেয়ার।