ডুমস্ক্রলিং কমাতে সাহায্য করবে যেসব অ্যাপ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটানা স্ক্রল করতে করতে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাওয়া এখন অনেকেরই অভ্যাস। এই ‘ডুমস্ক্রলিং’ শুধু সময় নষ্টই করে না, শরীরের নড়াচড়া কমিয়ে দেয়, চোখের ওপর চাপ ফেলে এবং মানসিকভাবেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে এমন কিছু অ্যাপ রয়েছে, যেগুলো নির্দিষ্ট পরিমাণ হাঁটা, ব্যায়াম বা অন্য স্বাস্থ্যকর কাজ সম্পন্ন না করা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য বিভ্রান্তিকর অ্যাপ ব্যবহার করতে দেয় না।

ডিজিটাল ক্যারট
ডিজিটাল ক্যারট দৈনিক হাঁটা, ব্যায়াম, উৎপাদনশীলতা বা স্ক্রিন টাইমের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট অ্যাপ, ওয়েবসাইট ও গেমস ব্লক করে রাখে।
অ্যাপটি অ্যাপল ওয়াচসহ বিভিন্ন ওয়্যারেবল ডিভাইসের সঙ্গে কাজ করে। ব্যবহারকারীরা প্রতিদিন ৬ হাজার পদক্ষেপ হাঁটার মতো ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করতে পারেন। এছাড়া নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় ব্যয় করার শর্তও দেওয়া যায়, যেমন জিমে এক ঘণ্টা অনুশীলন শেষ না করলে সামাজিক যোগাযোগমাধ্যম খুলবে না।
মিবিমি
মিবিমির মূল লক্ষ্য স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা। এটি ফোন পুরোপুরি লক না করে বিভিন্ন সময়ে ছোট ছোট মিশন সম্পন্ন করার জন্য নোটিফিকেশন পাঠায়। মিশনের মধ্যে থাকতে পারে বার্পি করা, তিন মিনিট ওয়ার্মআপ, দৌড়, সাইক্লিং বা অন্য কোনো শারীরিক অনুশীলন।
স্টেপব্লক
স্টেপব্লক নির্দিষ্ট সংখ্যক পদক্ষেপ হাঁটা বা নির্দিষ্ট সময় পুশ-আপ, প্ল্যাঙ্ক কিংবা স্কোয়াট করার পরই ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব বা গেমের মতো অ্যাপ ব্যবহারের অনুমতি দেয়।
যারা দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস কমাতে চান, তাদের জন্য এটি কার্যকর হতে পারে।
স্টেপিন
কায়াকের প্রতিষ্ঠাতার তৈরি স্টেপিন হাঁটার বিনিময়ে স্ক্রিন টাইম দেয়। উদাহরণ হিসেবে, প্রতি ১০০ পদক্ষেপ হাঁটলে এক মিনিট সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ পাওয়া যায়। ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করতে পারেন।
টাচগ্রাস
টাচগ্রাসের ধারণা অন্যগুলোর চেয়ে আলাদা। এটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীকে বাইরে গিয়ে ঘাসের ছবি তুলতে হয়।অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবিটি সত্যিই ঘাসের কিনা তা যাচাই করে। গাছ বা অন্য কোনো উদ্ভিদের ছবি গ্রহণ করে না।
ওয়াকলক
ওয়াকলক অ্যাপল হেলথের সঙ্গে সংযুক্ত হয়ে দৈনিক হাঁটার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট অ্যাপ লক করে রাখে। আইফোন বা অ্যাপল ওয়াচের স্বাস্থ্যতথ্য ব্যবহার করে এটি স্বয়ংক্রিয়ভাবে পদক্ষেপ গণনা করে এবং লকস্ক্রিনে অগ্রগতিও দেখায়।

ওয়াকলি
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি ওয়াকলি একই ধরনের সুবিধা দেয়। ব্যবহারকারী নির্ধারিত সংখ্যক পদক্ষেপ হাঁটার আগে সামাজিক যোগাযোগমাধ্যম, গেম বা অন্য বিভ্রান্তিকর অ্যাপ খোলা যায় না। লক্ষ্য পূরণ হলেই অ্যাপগুলো স্বয়ংক্রিয়ভাবে আনলক হয়।
উইওয়ার্ড
উইওয়ার্ড শুরুতে হাঁটার বিনিময়ে ‘ওয়ার্ড’ নামে ভার্চুয়াল পয়েন্ট দিত, যা পরে নগদ অর্থ, গিফট কার্ড বা দান হিসেবে ব্যবহার করা যেত। সম্প্রতি এতে ‘ওয়াকিং মোড’ যুক্ত হয়েছে। এই সুবিধায় নির্দিষ্ট সংখ্যক পদক্ষেপ হাঁটার আগে বেছে নেওয়া অ্যাপ ব্যবহার করা যায় না। লক্ষ্য এবং কোন কোন অ্যাপ লক থাকবে, তা ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারেন।
যারা মোবাইলে অযথা সময় কমিয়ে আরও সক্রিয় জীবনযাপন করতে চান, তাদের জন্য এই ধরনের অ্যাপগুলো কার্যকর সহায়ক হতে পারে।
