ইনস্টাগ্রামের লোগোতে বড় পরিবর্তন। ইনস্টাগ্রাম তাদের লেখা-ভিত্তিক লোগো বা ওয়ার্ডমার্কে নতুন নকশা এনেছে। এক দশক ধরে ব্যবহৃত পুরোনো নকশাটিকে সময়ের তুলনায় কিছুটা পুরোনো মনে হওয়ায় এই পরিবর্তন করা হয়েছে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি ইনস্টাগ্রাম ও থ্রেডসে নতুন নকশাটি প্রকাশ করেছেন। তার ভাষায়, নতুন লোগোটি আরও ধারালো ও আধুনিক। তবে এতে ইনস্টাগ্রামের আগের পরিচিত নকশার বৈশিষ্ট্যও রাখা হয়েছে।
নতুন লোগোর অক্ষরগুলোতে কিছুটা হাতের লেখার মতো বাঁক রাখা হয়েছে। বিশেষ করে ‘এস’, ‘আর’ ও ‘জি’ অক্ষরের নকশায় এই পরিবর্তন বেশি চোখে পড়ে। নতুন নকশা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ নতুন ও সতেজ চেহারার প্রশংসা করেছেন, আবার কেউ মজা করে বলেছেন, নতুন ফন্টের কারণে ‘ইনস্টাগ্রাম’ শব্দটি দেখতে কখনো কখনো অন্য কিছু মনে হচ্ছে।
ইনস্টাগ্রাম সর্বশেষ বড় ধরনের নকশা পরিবর্তন করেছিল ২০১৬ সালে। তখন পুরোনো বাদামি ক্যামেরা-ভিত্তিক লোগো সরিয়ে গোলাপি রঙের গ্রেডিয়েন্ট-নির্ভর আইকন চালু করা হয়। সেই অ্যাপ আইকন এখনো ব্যবহৃত হচ্ছে।
নতুন ওয়ার্ডমার্কের পাশাপাশি ভবিষ্যতে ইনস্টাগ্রামের অ্যাপ আইকনেও পরিবর্তন আসবে কি না, তা এখনো জানা যায়নি। মেটা এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি।
