অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত ছবি চুরি, এফবিআইয়ের সতর্কতা। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই সতর্ক করেছে, সাইবার অপরাধীরা প্রাপ্তবয়স্ক ও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি এবং ভিডিও চুরি করছে।

এফবিআইয়ের সতর্কবার্তা অনুযায়ী, অপরাধীরা মূলত সামাজিক কৌশল বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ভুক্তভোগীদের ফাঁদে ফেলছে। অ্যাকাউন্টে ঢোকার পর চুরি করা ছবি ও ভিডিও দিয়ে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের হুমকি দিয়ে অর্থ বা অন্য সুবিধা আদায় করা হচ্ছে। আবার কারও ব্যক্তিগত ছবি অনলাইনে প্রকাশও করা হচ্ছে।
এ ধরনের ঘটনার পর ভুক্তভোগীরা হয়রানি, যৌন হয়রানিমূলক ব্ল্যাকমেইল, অনুসরণ করা এবং অন্যান্য লক্ষ্যভিত্তিক হামলার শিকার হতে পারেন। এফবিআই বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্য প্রোফাইল থাকার কারণে শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের মতো কিছু মানুষ বিশেষভাবে হামলার লক্ষ্য হতে পারেন।
অপরাধীরা যেভাবে অ্যাকাউন্টে ঢুকছে
এফবিআই জানিয়েছে, হামলাকারীরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে ফাঁস হওয়া বা আগে ব্যবহার করা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা, সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানের কর্মী সেজে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ এবং অ্যাকাউন্ট উদ্ধারের কথা বলে তথ্য চাওয়া।
এ ছাড়া ভুয়া ই-মেইল ও নকল লগইন পেজ ব্যবহার করেও পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া হচ্ছে। এসব নকল ওয়েবসাইট দেখতে অনেক সময় আসল সামাজিক যোগাযোগমাধ্যমের লগইন পেজের মতোই হয়।

নিজেকে নিরাপদ রাখার উপায়
এফবিআই ব্যবহারকারীদের প্রতিটি অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছে। পাসওয়ার্ড সংরক্ষণের জন্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা এবং সব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে দ্বি-স্তরীয় যাচাই চালু রাখাও জরুরি।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে কেউ হঠাৎ যোগাযোগ করলে সতর্ক থাকতে হবে। কারণ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাধারণত এভাবে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করে না।
এফবিআই আরও পরামর্শ দিয়েছে, অন্তরঙ্গ বা অত্যন্ত ব্যক্তিগত ছবি অনলাইন অ্যাকাউন্টে সংরক্ষণ না করাই নিরাপদ।
