বছরে ৮০ কোটি ডিভাইসে এআই সুবিধা আনছে স্যামসাং
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছর প্রতিষ্ঠানটি এআই সমর্থিত মোবাইল ডিভাইসের সংখ্যা দ্বিগুণ করতে চায়।
চলতি বছরের মধ্যে গুগলের জেমিনি এআই প্রযুক্তি সমর্থিত ডিভাইসের সংখ্যা প্রায় ৮০ কোটি ইউনিটে পৌঁছানো হবে। এ তথ্য জানিয়েছেন স্যামসাং ইলেকট্রনিকসের সহ-প্রধান নির্বাহী টি এম রো। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যত দ্রুত সম্ভব আমাদের সব পণ্য, ফিচার ও সেবায় এআই সুবিধা যুক্ত করা হবে।”

গত বছর পর্যন্ত স্যামসাংয়ের প্রায় ৪০ কোটি ডিভাইসে জেমিনি-চালিত এআই সুবিধা ছিল, যার মধ্যে স্মার্টফোন ও ট্যাবলেট অন্তর্ভুক্ত। ২০২৬ সালে সেই সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
এআই কে কেন্দ্র করে বাজারে প্রতিযোগিতা
স্যামসাং বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতা। এআই সমর্থিত পণ্যের এই সম্প্রসারণ গুগলের জন্যও গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এআই প্রতিযোগিতায় গুগল ওপেনএআইসহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে মুখোমুখি।
মোবাইল ছাড়াও টিভি ও গৃহস্থালি যন্ত্রপাতিতেও এআই সুবিধা দেওয়া হবে। স্যামসাংয়ের অভ্যন্তরীণ জরিপ অনুযায়ী, গত এক বছরে ‘গ্যালাক্সি এআই ’ ব্র্যান্ডের পরিচিতি বেড়েছে ৩০ শতাংশ থেকে ৮০ শতাংশে।

বাজার চ্যালেঞ্জ এবং কৌশল
স্মার্টফোন বাজারে শীর্ষস্থান পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা করছে স্যামসাং। কয়েকটি বছরে অ্যাপল শীর্ষে থাকলেও, এআই ফিচারকে কেন্দ্র করে প্রতিযোগিতায় এগিয়ে থাকার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্বব্যাপী মেমোরি চিপ সংকট স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর ব্যবসার জন্য ইতিবাচক হলেও স্মার্টফোন ব্যবসায় খরচ বাড়ছে। টি এম রো বলেন, “এ পরিস্থিতি নজিরবিহীন। কোনো কোম্পানিই এর প্রভাব থেকে মুক্ত নয়। দাম বাড়ানোর সম্ভাবনাও রয়েছে, তবে আমরা অংশীদারদের সঙ্গে কাজ করে প্রভাব কমানোর চেষ্টা করছি।”






