স্মার্টফোন

ডিসকাউন্টে আইফোন কেনার আগে যা অবশ্যই জানবেন

Rate this post

বর্তমানে অনলাইন শপ, সোশ্যাল মিডিয়া এবং রিসেল মার্কেটে ডিসকাউন্ট বা অফারের মাধ্যমে আইফোন বিক্রি খুব সাধারণ ঘটনা। অনেক সময় বিক্রেতারা অত্যন্ত কম দামে আইফোন পাওয়ার অফার দিয়ে ক্রেতাদের আকর্ষণ করে। কিন্তু এ ধরনের অফারের পেছনে লুকিয়ে থাকতে পারে প্রতারণা, ফাঁদ এবং প্রযুক্তিগত ঝুঁকি। তাই ডিসকাউন্টে আইফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা অপরিহার্য।

রিফারবিশড বা রিকন্ডিশন্ড ফোনের তথ্য যাচাই করুন : অনেক বিক্রেতা রিফারবিশড বা রিকন্ডিশন্ড আইফোন নতুন বলে চালিয়ে দেয়। এ ধরনের ফোনে আগেই মেরামত করা হার্ডওয়্যার থাকতে পারে, যা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। আইফোনের সেটিংসে গিয়ে মডেল নম্বরে ‘এফ’, ‘এন’ বা ‘আর’ আছে কি না দেখে নিতে পারেন। সাধারণত ‘এম’ দিয়ে শুরু হলে সেটি নতুন ডিভাইস।

ডিসকাউন্টে আইফোন কেনার আগে যা অবশ্যই জানবেন
ডিসকাউন্টে আইফোন কেনার আগে যা অবশ্যই জানবেন

অ্যাক্টিভেশন লক বা আইক্লাউড লক পরীক্ষা করুন : চুরি করা বা লকড আইফোন ডিসকাউন্টে বিক্রি করা হয় এমন ঘটনাও ঘটে। যদি আইফোন রিস্টোর করার পরও অ্যাক্টিভেশন লক দেখা দেয়, বুঝবেন ফোনটি আসল মালিকের আইক্লাউড অ্যাকাউন্টের সঙ্গে বাঁধা। এমন ফোন কখনোই পুরোপুরি ব্যবহারযোগ্য নয়। তাই কেনার আগে অ্যাক্টিভেশন করা ফোন হাতে নিয়ে পরীক্ষা করা জরুরি।

আইএমইআই ও সিরিয়াল নম্বর মিলিয়ে নিন :  ফোনের বক্সে লেখা সিরিয়াল নম্বর এবং ডিভাইসের সেটিংসের সিরিয়াল নম্বর মিলছে কি না যাচাই করুন। অনেক সময় ভুয়া বক্স বা অন্য ফোনের বক্স দিয়ে প্রতারণা করা হয়। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিরিয়াল নম্বর ব্যবহার করে ফোনের আসল অবস্থা ও ওয়ারেন্টি যাচাই করা সম্ভব।

ব্যাটারি হেলথ পরীক্ষা করুন : আইফোনের ব্যাটারি হেলথ ৮৫ শতাংশের কম হলে চার্জ দ্রুত শেষ হয় এবং ব্যবহার অভিজ্ঞতা খারাপ হয়। ডিসকাউন্টের ফোনের মধ্যে কম ব্যাটারি হেলথযুক্ত ফোন পাওয়া যেতে পারে। তাই কেনার সময় ব্যাটারি হেলথ পরীক্ষা করে নিশ্চিত করুন যে এটি সর্বনিম্ন ৮৫ শতাংশ বা তার বেশি।

নন-অরিজিনাল পার্টস বা স্ক্রিন চেক করুন : নন অরিজিনাল স্ক্রিনের আইফোনে রঙের সঠিকতা, উজ্জ্বলতা ও টাচ রেসপন্স কম হয়। অনেক বিক্রেতা স্ক্রিন বদল করে অরিজিনাল বলে বিক্রি করে। আইফোন এক্স বা পরবর্তী মডেলে সেটিংসে গিয়ে পার্টস ও সার্ভিস হিস্টোরি পরীক্ষা করে দেখুন যে স্ক্রিন বা ব্যাটারি পরিবর্তন করা হয়েছে কি না।

ডিসকাউন্টে আইফোন কেনার আগে যা অবশ্যই জানবেন
ডিসকাউন্টে আইফোন কেনার আগে যা অবশ্যই জানবেন

অস্বাভাবিক অফার বা অতিরিক্ত কম দাম নিয়ে সতর্ক থাকুন : আইফোন কখনোই খুব বেশি ডিসকাউন্টে পাওয়া যায় না। অত্যধিক কম দাম সাধারণত প্রতারণার ইঙ্গিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়া পেজ, অগোছালো ওয়েবসাইট বা নতুন অনলাইন শপ থেকে কেনার সময় সতর্ক থাকুন।

বিশ্বস্ত দোকান বা অনুমোদিত রিটেইলার থেকে কেনার চেষ্টা করুন : সবচেয়ে নিরাপদ উপায় হলো অনুমোদিত অ্যাপল রিটেইলার বা বিশ্বাসযোগ্য দোকান থেকে কেনা। এখানে পাওয়া যায় অরিজিনাল ডিভাইস, ভেরিফাইড ওয়ারেন্টি, বিক্রয়োত্তর সেবা এবং ঝামেলাহীন রিটার্ন সুবিধা। দাম কিছুটা বেশি হলেও সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে।

পরফরম্যান্স পরীক্ষা করুন ; ফোন হাতে নিয়ে ক্যামেরা, স্পিকার, টাচ, ফেস আইডি/টাচ আইডি, চার্জিং, ওয়াইফাই ও ব্লুটুথ সবকিছু ঠিকভাবে কাজ করছে কি না পরীক্ষা করুন। অনেক সময় ডিসকাউন্টের ফোনে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ফিচারগুলো ঠিকমতো কাজ করে না।

ডিসকাউন্টে আইফোন কেনার আগে এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি নিরাপদে এবং সমস্যামুক্তভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন।

Related Articles

Back to top button