অ্যামাজন এবার টুইচের ভিডিও দিয়ে এআই প্রশিক্ষণ দেবে। অ্যামাজনের মালিকানাধীন স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ এখন নির্মাতাদের ভিডিও ও অডিও কনটেন্ট ব্যবহার করে অ্যামাজনের জেনারেটিভ এআই মডেল প্রশিক্ষণ দেবে। সবচেয়ে বড় বিষয় হলো, নির্মাতাদের কনটেন্ট ব্যবহারের জন্য আগে থেকে অনুমতি নেওয়া হবে না; বরং ডিফল্টভাবে সবাই এতে যুক্ত থাকবেন এবং চাইলে পরে নিজে থেকে বাদ দিতে হবে।

টুইচের অসংখ্য লাইভস্ট্রিম অ্যামাজনের জন্য মূল্যবান প্রশিক্ষণ উপাদান। এসব ভিডিওতে দীর্ঘ সময়ের কথোপকথন, মানুষের কণ্ঠ, গেমিং এবং বিভিন্ন ধরনের দৃশ্য রয়েছে। ফলে এআই মডেল প্রশিক্ষণের জন্য এগুলো বড় ধরনের ডেটাসেট হিসেবে কাজে লাগতে পারে।
তবে সিদ্ধান্তটি টুইচের নির্মাতাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করেছে। অনেক নির্মাতার আশঙ্কা, তারা বিষয়টি না জেনেই নিজেদের ভিডিও ও কণ্ঠ অ্যামাজনের এআই প্রশিক্ষণে ব্যবহার করার অনুমতি দিয়ে ফেলতে পারেন।
টুইচের একটি সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে প্রায় ৩ হাজার দর্শকের সামনে প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন। অনেকেই জানতে চান, কেন ব্যবস্থাটি আগে থেকে অনুমতি নেওয়ার ভিত্তিতে করা হচ্ছে না।
টুইচের প্রধান পণ্য কর্মকর্তা মাইক মিনটন এ বিষয়ে বলেন, ব্যবস্থা যদি আগে থেকে অনুমতি নেওয়ার ভিত্তিতে করা হতো, তাহলে সম্ভবত কেউই এতে সম্মতি দিতেন না। তাই প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের কনটেন্ট ব্যবহারের পর থেকে বাদ দেওয়ার সুযোগ রেখেছে।
বিষয়টি আরও বিতর্কিত হয়েছে কারণ টুইচ নিজেই জানে, এর নির্মাতাদের একটি বড় অংশ জেনারেটিভ এআই নিয়ে ইতিমধ্যেই বিরোধিতা করে আসছেন। বিশেষ করে ইন্টারনেট থেকে অনুমতি ছাড়া বই, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট সংগ্রহ করে এআই প্রশিক্ষণের বিষয়টি নিয়ে নির্মাতাদের মধ্যে ক্ষোভ রয়েছে।
এমনকি টুইচের ঘোষণা দেওয়ার ধরন নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি সরাসরি বলেনি যে অ্যামাজন টুইচের কনটেন্ট দিয়ে এআই প্রশিক্ষণ শুরু করবে। বরং তারা এমন একটি সেটিং চালুর কথা বলেছে, যার মাধ্যমে নির্মাতারা চাইলে অ্যামাজনের বিভিন্ন এআই মডেলের প্রশিক্ষণে নিজেদের চ্যানেলের কনটেন্ট ব্যবহার বন্ধ করতে পারবেন।
এক পর্যায়ে একজন ব্যবহারকারী জানতে চান, তাদের ভিডিও এরই মধ্যে অ্যামাজনের এআই প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না। টুইচের পণ্য কর্মকর্তা এর উত্তর দিতে পারেননি এবং বলেছেন, অ্যামাজন কোন মডেল প্রশিক্ষণে কী ব্যবহার করেছে সে সম্পর্কে তিনি নিশ্চিত নন।

টুইচ অবশ্য বলছে, ব্যবহারকারীদের কনটেন্ট এআই প্রশিক্ষণে ব্যবহারের ক্ষেত্রে তারা একা নয়। মেটাও তাদের বিভিন্ন প্ল্যাটফর্মের প্রকাশ্য কনটেন্ট এআই প্রশিক্ষণে ব্যবহার করে।
যারা টুইচে নিজেদের কনটেন্ট এআই প্রশিক্ষণে ব্যবহার করতে দিতে চান না, তারা চ্যানেলের সেটিংসে গিয়ে নিরাপত্তা ও গোপনীয়তা বিভাগে প্রবেশ করে “জেনারেটিভ এআই প্রশিক্ষণ” অপশনটি বন্ধ করতে পারবেন। এই সেটিংটি ক্রিয়েটর ড্যাশবোর্ডে নয়, চ্যানেল সেটিংসে রয়েছে।
