অ্যাপল সিরির জন্য সংবাদ কিনতে চায়। অ্যাপল তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিরিকে আরও কার্যকর করতে বিভিন্ন সংবাদ প্রকাশকের সঙ্গে আলোচনা করছে। উদ্দেশ্য হলো, সিরিকে সাম্প্রতিক সংবাদ ও তথ্য সরবরাহের জন্য প্রকাশকদের কনটেন্ট ব্যবহারের অনুমতি নেওয়া।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল প্রকাশকদের নির্দিষ্ট বা এককালীন লাইসেন্স ফি দেওয়ার বদলে তাদের কনটেন্ট সিরি কতবার ব্যবহার করছে, তার ওপর ভিত্তি করে অর্থ দেওয়ার একটি মডেল প্রস্তাব করেছে। এ জন্য অ্যাপল শত কোটি ডলারের কাছাকাছি বাজেট বিবেচনা করছে বলে জানা গেছে।
সংবাদ প্রকাশকদের সঙ্গে এমন চুক্তি এআই কোম্পানিগুলোর জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ এআই সহকারীকে নির্ভরযোগ্য ও সাম্প্রতিক তথ্য দিতে হলে নিয়মিত প্রকাশিত সংবাদ ও তথ্যের ওপর নির্ভর করতে হয়।

অ্যাপল দীর্ঘদিন ধরেই সিরিকে আরও বুদ্ধিমান ও সক্ষম করার কাজ করছে। নতুন এআই-ভিত্তিক সিরি চলতি বছরের শেষ দিকে চালু হওয়ার কথা রয়েছে।তবে অ্যাপল ও সংবাদ প্রকাশকদের মধ্যে আলোচনা এখনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে কি না, তা স্পষ্ট নয়। অ্যাপল এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
