উবারের শেয়ার বিক্রিতে চমকে গেল সার্ভ রোবোটিক্স। উবার তাদের মালিকানাধীন সার্ভ রোবোটিক্সের পুরো শেয়ার বিক্রি করে দিয়েছে। সার্ভ রোবোটিক্স হলো স্বয়ংক্রিয় ডেলিভারি রোবট তৈরি করা একটি প্রতিষ্ঠান, যা পাঁচ বছরেরও বেশি আগে উবার থেকে আলাদা হয়ে স্বাধীন কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছিল।

উবার নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথিতে শেয়ার বিক্রির বিষয়টি জানায়। তবে সার্ভ রোবোটিক্স এই সিদ্ধান্তের ব্যাপারে আগে থেকে অবহিত ছিল না। একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নিয়ন্ত্রক নথিতে বিষয়টি প্রকাশ হওয়ার পরই সার্ভ বিষয়টি জানতে পারে।
উবারের এই বিনিয়োগ থেকে সরে আসার ইঙ্গিত অবশ্য গত বছর থেকেই পাওয়া যাচ্ছিল। ২০২৫ সালেই কোম্পানিটি সার্ভে তাদের অংশীদারিত্ব কমাতে শুরু করেছিল।
সার্ভ রোবোটিক্সের শুরু হয় পোস্টমেটস এক্স নামে। ২০২০ সালে উবার ২.৬৫ বিলিয়ন ডলারে পোস্টমেটস অধিগ্রহণ করার পর এর রোবোটিক্স বিভাগটি তৈরি হয়। পরের বছর সেটি আলাদা হয়ে সার্ভ রোবোটিক্স নামে স্বাধীন কোম্পানিতে পরিণত হয়।
উবার শুধু সার্ভে বিনিয়োগই করেনি, ২০২২ সালে কোম্পানিটির সঙ্গে অংশীদারত্বও করে। ২০২৩ সালের মে মাসে সেই অংশীদারত্ব আরও বাড়ানো হয়। তখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাজারে উবারের অ্যাপের মাধ্যমে সার্ভের সর্বোচ্চ ২ হাজার ডেলিভারি রোবট চালুর পরিকল্পনা করা হয়।
তবে চলতি বছরের শুরু থেকেই দুই কোম্পানির সম্পর্কের অবনতি হতে থাকে। সার্ভের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা আলি কাশানি জানান, ২০২২ সালের প্রথম প্রান্তিক থেকে চলতি বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত উবারের মাধ্যমে ডেলিভারি টানা ১৭ প্রান্তিক বেড়েছিল। কিন্তু দ্বিতীয় প্রান্তিকে প্রথমবারের মতো এই প্রবণতা উল্টো দিকে যায়। এর কারণ ছিল প্রত্যাশার চেয়ে কম রোবট ব্যবহার।
কাশানি বলেন, স্বয়ংক্রিয় রোবট বহর বড় করার পরিচালন পদ্ধতি নিয়ে দুই কোম্পানির মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। এর মধ্যে বহর সমন্বয় এবং ব্যবসায়ীদের সঙ্গে প্রযুক্তিগত সংযোগের মতো বিষয়ও রয়েছে।

অন্যদিকে, একই সময়ে সার্ভের আরেকটি খাবার সরবরাহকারী অংশীদারের মাধ্যমে ডেলিভারি এক প্রান্তিকেই প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতিতে সার্ভের ধারণা ছিল, ২০২৭ সালের শুরুর দিকে উবারের সঙ্গে বর্তমান অংশীদারত্বের মেয়াদ শেষ হলে সেটি আর নবায়ন করা অর্থবহ হবে না।
উবার গত কয়েক বছরে ৩০টিরও বেশি স্বয়ংক্রিয় যানবাহন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ বা অংশীদারত্ব করেছে। সার্ভ রোবোটিক্সের পুরো শেয়ার বিক্রি সেই স্বয়ংক্রিয় ডেলিভারি ব্যবসায় উবারের কৌশলে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
