টেসলাকে ‘গাড়ির কোম্পানি’ নয়, এআই ও রোবটিক্স প্রতিষ্ঠানে রূপ দিচ্ছেন ইলন মাস্ক। ইলন মাস্ক ক্রমেই টেসলাকে একটি ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটিক্সকেন্দ্রিক প্রযুক্তি কোম্পানি হিসেবে উপস্থাপন করছেন। যদিও কোম্পানির মোট আয়ের প্রায় ৭০ শতাংশ এখনও গাড়ি বিক্রি থেকেই আসে এবং গত প্রান্তিকে প্রায় পাঁচ লাখ গাড়ি সরবরাহ করেছে, তবুও মাস্কের মূল গুরুত্ব এখন এআই, রোবট্যাক্সি ও হিউম্যানয়েড রোবট ‘অপ্টিমাস’-এর দিকে।

টেকক্রাঞ্চ ও নিউইয়র্কভিত্তিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান হাডসন ল্যাবস যৌথভাবে ২০১৯ সাল থেকে টেসলার আয়-সংক্রান্ত কনফারেন্স কল বিশ্লেষণ করে দেখেছে, বর্তমানে মাস্ক তার বক্তব্যের প্রায় অর্ধেক সময় ব্যয় করেন কৃত্রিম বুদ্ধিমত্তা, ফুল সেলফ-ড্রাইভিং প্রযুক্তি এবং রোবট্যাক্সি নিয়ে। ২০২২ সালে এই বিষয়গুলোতে তার আলোচনার পরিমাণ ছিল মাত্র ১৫ থেকে ২০ শতাংশ।
একই সঙ্গে অপ্টিমাস রোবট নিয়েও মাস্কের আগ্রহ দ্রুত বেড়েছে। ২০২১ সালে প্রকল্পটি ঘোষণার পর প্রথমদিকে তিনি খুব কম সময় এ বিষয়ে কথা বললেও, গত এক বছরে অপ্টিমাস তার আলোচনার উল্লেখযোগ্য অংশ দখল করেছে। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের কনফারেন্স কলে তার বক্তব্যের প্রায় এক-তৃতীয়াংশই ছিল এই রোবটকে ঘিরে।
বিশ্লেষণে আরও দেখা গেছে, টেসলার মূল গাড়ি ব্যবসার প্রবৃদ্ধি কমে যাওয়ার পর থেকেই মাস্কের আলোচনায় গাড়ি উৎপাদন ও বিক্রির গুরুত্ব কমেছে। বর্তমানে তিনি তার বক্তব্যের এক-তৃতীয়াংশেরও কম সময় গাড়ি ব্যবসা নিয়ে কথা বলেন।

অন্যদিকে টেসলার প্রধান আর্থিক কর্মকর্তা বৈভব তানেজা এবং প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট লার্স মোরাভির মতো শীর্ষ কর্মকর্তারা এখনও গাড়ি ব্যবসাকেই বেশি গুরুত্ব দেন। তবে তারাও ধীরে ধীরে এআই, স্বয়ংচালিত প্রযুক্তি এবং রোবট্যাক্সি নিয়ে বেশি কথা বলতে শুরু করেছেন।
বিশ্লেষকদের মতে, মাস্ক ভবিষ্যতের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে এআই ও রোবটিক্সকেই দেখছেন। তবে এসব প্রকল্প এখনও উল্লেখযোগ্য আর্থিক আয় তৈরি করতে না পারলেও, টেসলার দীর্ঘমেয়াদি কৌশলের কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছে।
