অবশেষে উন্নত হলো সিরি, কিন্তু কেন উচ্ছ্বাসটা আগের মতো নেই? দীর্ঘদিনের অপেক্ষা ও একাধিক বিলম্বের পর অবশেষে আইওএস ২৭-এর কনজিউমার বেটা সংস্করণে এআই-চালিত নতুন সিরি যুক্ত করেছে অ্যাপল। নতুন সংস্করণে সিরি এখন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও প্রেক্ষাপট বুঝতে পারে, বিশ্বজুড়ে বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিতে পারে এবং আইফোনে সংরক্ষিত তথ্য দ্রুত খুঁজে বের করতে সক্ষম।

তবে এত বড় আপডেট আসার পরও অনেকের কাছে এটি প্রত্যাশিত উত্তেজনা তৈরি করতে পারেনি। কারণ, অ্যাপলের এই অগ্রগতি এমন সময় এসেছে, যখন এআই প্রযুক্তি ইতোমধ্যেই আরও অনেক দূর এগিয়ে গেছে। বর্তমানে বিভিন্ন এআই সিস্টেম সফটওয়্যার তৈরি, জটিল কাজ সম্পন্ন, কম্পিউটার পরিচালনা, যুক্তি বিশ্লেষণ, তথ্য মনে রাখা এবং বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির মতো কাজ করছে। ফলে কেবল একটি দক্ষ এআই সহকারী আর আগের মতো যুগান্তকারী মনে হচ্ছে না।
নতুন সিরির বড় পরিবর্তনের মধ্যে রয়েছে স্বাভাবিক কথোপকথনের সুবিধা। ব্যবহারকারীরা এখন কথা বলে কিংবা লিখেও সিরির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এমনকি আগের কথোপকথনের ধারাবাহিকতাও ধরে রাখা যাবে। সিরি এখন ব্যক্তিগত তথ্য আরও ভালোভাবে বুঝতে পারে। উদাহরণ হিসেবে, ব্যবহারকারী যদি আইফোনে সংরক্ষিত সর্বশেষ রসিদ খুঁজতে চান, কোথায় সেটি রাখা হয়েছে তা উল্লেখ না করলেও সিরি তা খুঁজে দিতে পারবে। একইভাবে ড্রাইভিং লাইসেন্সের ছবি থেকে লাইসেন্স নম্বর, স্ক্রিনশট করা কিউআর কোড কিংবা সংরক্ষিত ছবি থেকেও প্রয়োজনীয় তথ্য বের করে দিতে পারবে।
এছাড়া সিরির মাধ্যমে ওয়েবসাইট খোলা, অ্যাপ ব্যবহার, দিকনির্দেশনা পাওয়া, গান বা অডিওবুক চালানো, ছবি সম্পাদনা, ইমেইল খসড়া তৈরি এবং আরও নানা কাজ করা যাবে। আগে যেখানে সিরি প্রায়ই ভুল অ্যাপে গান চালাত, এখন সেটি ব্যবহারকারীর পছন্দের অ্যাপ থেকেই সঠিক কনটেন্ট চালাতে সক্ষম।

নতুন সিরি আইডিয়া নিয়ে আলোচনা, নতুন বিষয় শেখা, রেসিপি সাজেস্ট করা কিংবা ফ্রিজে থাকা উপকরণ দিয়ে কী রান্না করা যায়, সে ধরনের পরামর্শও দিতে পারে। ক্যামেরা ব্যবহার করে আশপাশের বস্তু সম্পর্কে তথ্য জানা বা বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টের বিল ভাগ করতেও এটি সহায়তা করবে। এই উন্নয়নের পেছনে গুগলের জেমিনি এআই প্রযুক্তির ভূমিকা রয়েছে। তবে অ্যাপল সরাসরি জেমিনি ব্যবহার না করে সেটির সহায়তায় নিজেদের অ্যাপল ফাউন্ডেশন মডেল তৈরি ও উন্নত করেছে। এসব মডেল অ্যাপলের নিজস্ব চিপ এবং ব্যক্তিগত ক্লাউড অবকাঠামোর জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করা হয়েছে।
তবুও প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন সিরিকে যতটা না বিপ্লবী উদ্ভাবন মনে হচ্ছে, তার চেয়ে বেশি মনে হচ্ছে বহুদিনের একটি সমস্যার অবশেষে সমাধান হয়েছে। অর্থাৎ, ব্যবহারকারীরা যেভাবে বছরের পর বছর সিরিকে কাজ করতে দেখতে চেয়েছিলেন, এখন সেটি অবশেষে বাস্তবে রূপ নিয়েছে। বর্তমানে নতুন সিরি কেবল আইওএস ২৭-এর বেটা সংস্করণে ব্যবহার করা যাচ্ছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি সেপ্টেম্বর মাসে আইওএস ২৭-এর আনুষ্ঠানিক প্রকাশের সঙ্গে উন্মুক্ত হওয়ার কথা।
