বৈশ্বিক মেমোরি সংকটে এবার ম্যাকবুক এয়ারের সরবরাহেও চাপ। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে মেমোরি চিপের চাহিদা বেড়ে যাওয়ায় বৈশ্বিক মেমোরি সংকটের প্রভাব এবার অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ ম্যাকবুক এয়ারের সরবরাহেও পড়তে শুরু করেছে। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের তথ্য অনুযায়ী, আগে এই সংকট মূলত ম্যাক মিনি ও ম্যাক স্টুডিওর মতো তুলনামূলক কম জনপ্রিয় পণ্যের ওপর প্রভাব ফেলেছিল। তবে এখন ম্যাকবুক এয়ারের সরবরাহও আগের চেয়ে অনেক বেশি সীমিত হয়ে পড়েছে।

বর্তমানে অ্যাপলের ওয়েবসাইট থেকে নতুন ম্যাকবুক এয়ার অর্ডার করলে বেশিরভাগ ক্রেতাকে আগস্টের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কিছু নির্দিষ্ট সংস্করণের ক্ষেত্রে সরবরাহ পেতে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি সামাল দিতে অ্যাপল বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে মেমোরির দাম বাড়ানো এবং চীনা সরবরাহকারীদের কাছ থেকে মেমোরি সংগ্রহের উদ্যোগ।
এছাড়া কোম্পানিটি এ বছরের ‘ব্যাক-টু-স্কুল’ প্রচারণা জুন মাসে শুরু না করে পরে চালু করেছে। প্রথমবারের মতো এই প্রচারণায় ম্যাকবুক এয়ারের পরিবর্তে মূল গুরুত্ব দেওয়া হচ্ছে বেস মডেলের ম্যাকবুক প্রোকে।

অ্যাপলের প্রচারণামূলক বার্তায় এবার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “ম্যাকবুক এয়ার স্টক থাকা সাপেক্ষে পাওয়া যাবে”, যা সরবরাহ সংকটের বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, এআই খাতে মেমোরি চিপের ব্যাপক চাহিদা প্রযুক্তি শিল্পজুড়ে সরবরাহ ব্যবস্থার ওপর নতুন চাপ সৃষ্টি করছে, যার প্রভাব এখন ভোক্তা পর্যায়ের জনপ্রিয় ডিভাইসগুলোতেও দেখা যাচ্ছে।
