ফ্রি ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড টেক্সট চ্যাট চালু করল চ্যাটজিপিটি। চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, এখন থেকে ফ্রি ব্যবহারকারীরা টেক্সটভিত্তিক চ্যাটে আর কোনো নির্দিষ্ট সীমার মধ্যে থাকবেন না। অর্থাৎ, টেক্সট চ্যাট করা যাবে আনলিমিটেড।

ওপেনএআই জানিয়েছে, সম্প্রতি চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। এর পরই ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এই পরিবর্তন আনা হলো।
নতুন এই সুবিধা চালাবে ওপেনএআইয়ের জিপিটি-৫.৬ লুনা মডেল। এটি ফ্রি ও গো প্ল্যানের ব্যবহারকারীদের জন্য ডিফল্ট মডেল হিসেবে জিপিটি-৫.৫-এর জায়গা নেবে।
ফ্রি ও গো—উভয় প্ল্যানের ব্যবহারকারীরা নতুন একটি ‘থিংক’ বাটনও পাবেন। এর মাধ্যমে জটিল প্রশ্নের ক্ষেত্রে মডেলকে আরও গভীরভাবে বিশ্লেষণ করে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া যাবে। তবে ফাইল আপলোড, ছবি, ভয়েস এবং ছবি তৈরির মতো সুবিধাগুলোর ক্ষেত্রে আগের মতোই আলাদা ব্যবহারের সীমা থাকবে।
অন্যদিকে প্লাস ও প্রো গ্রাহকদের জন্যও নতুন আপডেট এনেছে ওপেনএআই। তারা এখন উন্নত জিপিটি-৫.৬ সল মডেল ব্যবহার করতে পারবেন, যা দ্রুত প্রশ্নের উত্তর, ওয়েব গবেষণা, পরামর্শ, পরিকল্পনা, লেখালেখি এবং সিদ্ধান্ত গ্রহণের মতো কাজে আরও কার্যকর হবে।
এ ছাড়া প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য যুক্ত হয়েছে নতুন ‘থিংকিং স্লাইডার’। এই সুবিধার মাধ্যমে প্রশ্নের জটিলতা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা গভীরভাবে চিন্তা করবে, তা ব্যবহারকারীরা নিজেরাই নির্ধারণ করতে পারবেন।

ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, আগের জিপিটি-৫.৫ ইনস্ট্যান্ট মডেলের তুলনায় জিপিটি-৫.৬ লুনায় বাস্তবভিত্তিক তথ্যগত ভুল ৬২ শতাংশ কম হয়েছে। আর জিপিটি-৫.৬ সল মডেলে এই হার ৬৮ শতাংশ কমেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্লাস ও প্রো ব্যবহারকারীরা নতুন জিপিটি-৫.৬ সল মডেল তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারবেন। আর ফ্রি ও গো প্ল্যানের ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধাগুলো ধাপে ধাপে চলতি সপ্তাহে চালু হবে। আগামী সপ্তাহ থেকে তারা আনলিমিটেড টেক্সট চ্যাট এবং নতুন ‘থিংক’ বাটন ব্যবহারের সুযোগ পাবেন।
