মাস্কের মহাকাশ ডেটা সেন্টার পরিকল্পনায় প্রশ্ন
মাস্কের মহাকাশ ডেটা সেন্টার পরিকল্পনায় প্রশ্ন। মহাকাশে ডেটা সেন্টার তৈরির ইলন মাস্কের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন সফটব্যাংকের প্রধান নির্বাহী মাসায়োশি সন। সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের এক সভায় তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় আগামী কয়েক বছরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে তুলনায় মহাকাশে ডেটা সেন্টার নির্মাণে দীর্ঘ সময় লাগবে এবং এতে ব্যয়ও হবে বিপুল।

সনের মন্তব্য নিয়ে আলোচনা করেছে প্রযুক্তিবিষয়ক পডকাস্ট ‘টেকক্রাঞ্চ ইকুইটি’। আলোচনায় অংশ নেওয়া সাংবাদিকদের মতে, এআই অবকাঠামো নিয়ে প্রযুক্তি খাতে এখন তীব্র প্রতিযোগিতা চলছে। ফলে নতুন কম্পিউটিং সক্ষমতা তৈরির বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে।
টেকক্রাঞ্চের সাংবাদিক শন ও’কেন বলেন, মহাকাশে ডেটা সেন্টার গড়তে বিপুলসংখ্যক স্যাটেলাইট প্রয়োজন হবে, যেগুলো কয়েক বছর পরপর বদলাতে হবে। এতে স্পেসএক্সের উৎক্ষেপণ ব্যবসাই আরও বেশি লাভবান হবে।
অন্যদিকে, সফটব্যাংক নিজেও পৃথিবীতে ডেটা সেন্টার নির্মাণে বড় বিনিয়োগ করছে। তাই মাসায়োশি সনের মন্তব্যের পেছনেও ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও এর আগে মহাকাশভিত্তিক ডেটা সেন্টারের ধারণা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

বিশ্লেষকদের মতে, এআই খাতের ভবিষ্যৎ নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা যেসব পূর্বাভাস দিচ্ছেন, সেগুলোর সঙ্গে প্রায়ই তাদের নিজ নিজ ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকে। ফলে এসব মন্তব্য মূল্যায়নের সময় সেই বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।






