গ্রক এর নতুন মডেল উন্মোচন, কম খরচে বেশি সক্ষমতার দাবি
গ্রক এর নতুন মডেল উন্মোচন, কম খরচে বেশি সক্ষমতার দাবি। ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান স্পেসএক্সএআই নতুন ভাষা মডেল ‘গ্রক ৪.৫’ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এটি তাদের প্রথম নতুন মডেল।

স্পেসএক্সএআই জানিয়েছে, নতুন গ্রক ৪.৫ প্রোগ্রাম লেখা, বিভিন্ন সফটওয়্যার তৈরি, গবেষণা, দাপ্তরিক কাজ, লেখা তৈরি এবং অন্যান্য জ্ঞানভিত্তিক কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম। পাশাপাশি একই কাজ করতে প্রতিদ্বন্দ্বী অনেক মডেলের তুলনায় কম সম্পদ ব্যবহার করবে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, গ্রক ৪.৫–এর টোকেন ব্যবহারের দক্ষতা আগের তুলনায় অনেক বেশি। ফলে ব্যবহারকারীদের খরচও কম হবে। বর্তমানে প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ২ ডলার এবং প্রতি ১০ লাখ আউটপুট টোকেনের জন্য ৬ ডলার খরচ হবে।

ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানান, পরীক্ষামূলক পর্যায়ে ইতিবাচক সাড়া পাওয়ার পর সবার জন্য গ্রক ৪.৫ উন্মুক্ত করা হয়েছে। তাঁর দাবি, নতুন মডেলটি জটিল কাজের জন্য পরিচিত অ্যানথ্রপিকের ওপাস শ্রেণির মডেলের সমমানের সক্ষমতা রাখে, তবে এটি আরও দ্রুত, কম খরচে এবং বেশি দক্ষতার সঙ্গে কাজ করতে পারে।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে নতুন মডেল উন্মোচনের প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। স্পেসএক্সএআইয়ের নতুন মডেলের পর ওপেনএআইও খুব শিগগিরই তাদের আরও শক্তিশালী নতুন ভাষা মডেল উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে।






