ক্লডের লেখায় ওয়াটারমার্ক কীভাবে কাজ করবে। অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের এআই চ্যাটবট ক্লডের তৈরি লেখায় ওয়াটারমার্ক যোগ করা হবে। ইউরোপীয় ইউনিয়নের এআই আইনের স্বচ্ছতা নীতিমালা মেনে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির ব্যাখ্যা অনুযায়ী, ক্লড যখন এমন শব্দ বেছে নেওয়ার সুযোগ পায় যেখানে একাধিক শব্দই ব্যবহার করা যায়, তখন উত্তরের মধ্যে এমন একটি নির্দিষ্ট ধরন তৈরি করতে পারে যা সাধারণ পাঠকের চোখে ধরা পড়বে না। তবে বিশেষ শনাক্তকরণ চাবি থাকলে সেটি শনাক্ত করা সম্ভব হবে।
অ্যানথ্রপিক বলেছে, ওয়াটারমার্কের কারণে ক্লডের উত্তরের মান বা পড়ার অভিজ্ঞতায় কোনো পরিবর্তন হবে না। পাঠকের কাছে ওয়াটারমার্কযুক্ত ও সাধারণ লেখা একই রকম দেখাবে।
সহজে মুছে ফেলা যাবে কি?
অ্যানথ্রপিকের দাবি, সামান্য সম্পাদনা করলে সাধারণত ওয়াটারমার্ক পুরোপুরি সরবে না। তবে পুরো লেখাটি নতুন করে লিখে প্রতিটি শব্দ পরিবর্তন করা হলে ওয়াটারমার্ক আর শনাক্ত করা সম্ভব নাও হতে পারে।
তবে প্রতিষ্ঠানটি বলছে, পুরো লেখাটিই যদি নতুন করে লেখা হয়, তাহলে সেটিকে আগের এআই-তৈরি লেখা হিসেবে চিহ্নিত করার বিষয়টিও প্রশ্নের মুখে পড়ে।
ক্লড দিয়ে সম্পাদনা করা লেখার ক্ষেত্রে কী হবে?
কোনো মানুষ নিজের লেখা ক্লড দিয়ে শুধু সামান্য সংশোধন করালে ওয়াটারমার্ক শনাক্ত করা কঠিন হতে পারে। কারণ তখন লেখার প্রায় সব শব্দই মানুষের তৈরি থাকে এবং ওয়াটারমার্ক বসানোর মতো এআই-তৈরি অংশ খুব কম থাকে।
অন্যদিকে, ক্লড যদি দীর্ঘ লেখার বড় অংশ সম্পাদনা করে, তাহলে ওয়াটারমার্ক শনাক্ত হওয়ার সম্ভাবনা বাড়বে।

কোডে ওয়াটারমার্ক কম থাকবে
প্রোগ্রামিং কোডে ওয়াটারমার্কের প্রভাব সাধারণ লেখার তুলনায় কম হবে। কারণ কাজ করা কোড তৈরির সময় মডেলের কাছে একই অর্থ প্রকাশের জন্য অসংখ্য সমানভাবে গ্রহণযোগ্য শব্দ বেছে নেওয়ার সুযোগ থাকে না।
তবে কোডের মন্তব্য বা এমন জায়গায় যেখানে শব্দ বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে, সেখানে ওয়াটারমার্ক ব্যবহার করা সম্ভব হবে। অ্যানথ্রপিক বলছে, এতে প্রকৃত কোডের ওপর প্রভাব খুবই সামান্য হবে।
অ্যানথ্রপিক আরও জানিয়েছে, শুধু ক্লড নয়, ইউরোপীয় ইউনিয়নের একই নীতিমালায় সম্মত অন্যান্য বড় এআই প্রতিষ্ঠানও নিজেদের তৈরি লেখায় ওয়াটারমার্ক ব্যবহারের ব্যবস্থা চালু করবে।
