অ্যামাজনের এআই ডেটা সেন্টার ঘিরে জলবায়ু উদ্বেগ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের পেকোস কাউন্টিতে অ্যামাজনের পরিকল্পিত একটি ডেটা সেন্টার দেশটির অন্যতম বড় জলবায়ু দূষণের উৎস হয়ে উঠতে পারে। ডেটা সেন্টারটির জন্য অ্যামাজন যে নিজস্ব বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে, সেটি প্রাকৃতিক গ্যাস ব্যবহার করবে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে টেকক্রাঞ্চ জানায়, প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রটি বছরে সর্বোচ্চ ৩ কোটি ৩০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের অনুমতি পেয়েছে। এই পরিমাণ নিঃসরণ হলে এটি যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো বিদ্যুৎকেন্দ্রের চেয়ে বেশি হবে।
অ্যামাজন বলছে, ডেটা সেন্টারটি নতুন নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে এবং এর কারণে টেক্সাসের সাধারণ পরিবারের বিদ্যুতের খরচ বাড়বে না।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের কারণে অ্যামাজনের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। কোম্পানির নিজস্ব তথ্য অনুযায়ী, গত বছর অ্যামাজনের কার্বন নিঃসরণ ১৬ শতাংশ বেড়েছে। অথচ প্রতিষ্ঠানটি ২০৪০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল।
এআই ব্যবস্থাগুলো পরিচালনার জন্য বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। সে কারণে অ্যামাজনসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা মেটাতে বড় আকারের প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দিকে ঝুঁকছে। পরিবেশবাদী ও নীতিনির্ধারকদের মধ্যে এ নিয়ে উদ্বেগও বাড়ছে।

অ্যামাজনের এক মুখপাত্র বলেন, জলবায়ু প্রতিশ্রুতি দেওয়ার সময়কার তুলনায় বর্তমান বিশ্বের পরিস্থিতি অনেক বদলে গেছে। তবে কোম্পানিটি এখনো তার জলবায়ু প্রতিশ্রুতিতে অটল রয়েছে বলেও তিনি দাবি করেন।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই ডেটা সেন্টারের সংখ্যা ও বিদ্যুৎ চাহিদা দ্রুত বাড়তে থাকলে প্রযুক্তি খাতের কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য আরও কঠিন হয়ে উঠতে পারে। ফলে এআইয়ের অগ্রগতির পাশাপাশি এর বিদ্যুৎ ব্যবহার ও পরিবেশগত প্রভাব নিয়ন্ত্রণ করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
