সেলেনা গোমেজের স্টার্টআপের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা। গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ এবং তাঁর মায়ের বিরুদ্ধে মানসিক স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ড নিয়ে মামলা করেছেন বিনিয়োগকারীরা। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করা প্রায় ১২ লাখ ডলার অর্থ নিয়ে প্রতারণা ও চুক্তিভঙ্গ করা হয়েছে।

২০২১ সালে যাত্রা শুরু করা ওয়ান্ডারমাইন্ডের লক্ষ্য ছিল ব্যবহারকারীদের প্রতিদিনের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সহায়তা দেওয়া। মামলায় বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটি তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হলেও বিষয়টি তাদের জানানো হয়নি।
বিনিয়োগকারীদের আরও দাবি, সেলেনা গোমেজ স্টার্টআপটির প্রচারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে তা করেননি। তাঁদের অভিযোগ অনুযায়ী, যেসব অংশীদারত্ব ও উদ্যোগের কথা বলা হয়েছিল, সেগুলোর অনেকগুলো বাস্তবায়িত হয়নি এবং অ্যাপও তৈরি করা হয়নি।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ওয়ান্ডারমাইন্ডের আর্থিক অবস্থা এবং গোমেজের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার মাত্রা বিনিয়োগকারীদের কাছে অতিরঞ্জিতভাবে তুলে ধরা হয়েছিল।

বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি আইনি খরচও দাবি করেছেন। ওয়ান্ডারমাইন্ড এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। মামলার অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।
