অ্যানথ্রপিকের মিথোস ৫ ব্যবহারে শিথিলতা ট্রাম্প প্রশাসনের
অ্যানথ্রপিকের মিথোস ৫ ব্যবহারে শিথিলতা ট্রাম্প প্রশাসনের। প্রায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শক্তিশালী সাইবার নিরাপত্তাভিত্তিক এআই মডেল Mythos 5 ব্যবহারে আংশিক শিথিলতা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।

সেমাফোর ও রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রের ১০০টিরও বেশি সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান নির্দিষ্ট শর্তে Mythos 5 ব্যবহার করতে পারবে। এসব প্রতিষ্ঠানে কর্মরত অ-আমেরিকান কর্মীরাও এই মডেলে প্রবেশাধিকার পাবেন। এমনকি অ্যানথ্রপিকের নিজস্ব বিদেশি কর্মীরাও আবার মডেলটি ব্যবহারের অনুমতি পাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এক চিঠিতে জানিয়েছেন, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ায় নির্ভরযোগ্য অংশীদারদের জন্য Mythos 5 ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
তবে Fable 5 মডেলের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এই মডেলটি নিষেধাজ্ঞার কয়েকদিন আগে উন্মুক্ত করা হলেও নিরাপত্তা গবেষকরা এর সুরক্ষা ব্যবস্থা সহজেই এড়িয়ে যেতে সক্ষম হওয়ায় পরে এটি বাজার থেকে সরিয়ে নেয় অ্যানথ্রপিক।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে অ্যানথ্রপিক জানায়, ১২ জুন থেকে তারা মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সরকারের নতুন সিদ্ধান্তের ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনা ও সুরক্ষায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য দ্রুত Mythos 5 পুনরায় চালু করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠানের জন্য Mythos 5-এর প্রবেশাধিকার সম্প্রসারণ এবং Fable 5-কে আবার সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করতে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।






