ওপেন সোর্স সফটওয়্যারের নিরাপত্তা জোরদারে ‘প্যাচ দ্য প্ল্যানেট’ উদ্যোগ চালু করল ওপেনএআই
ওপেন সোর্স সফটওয়্যারের নিরাপত্তা জোরদারে ‘প্যাচ দ্য প্ল্যানেট’ উদ্যোগ চালু করল ওপেনএআই।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ওপেন সোর্স সফটওয়্যারের নিরাপত্তা জোরদারে ‘প্যাচ দ্য প্ল্যানেট’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে। এ উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানটি সাইবার নিরাপত্তা কোম্পানি ট্রেইল অব বিটস-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে।
ওপেনএআই জানিয়েছে, ওপেন সোর্স প্রকল্পের রক্ষণাবেক্ষণকারীরা সীমিত জনবল ও সময় নিয়ে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করতে গিয়ে চাপে থাকেন। নতুন উদ্যোগটির লক্ষ্য হলো সেই চাপ কমানো এবং নিরাপত্তা ত্রুটি শনাক্ত ও সমাধানের প্রক্রিয়াকে আরও কার্যকর করা।
এই কর্মসূচির আওতায় ট্রেইল অব বিটসের নিরাপত্তা প্রকৌশলীরা সরাসরি ওপেন সোর্স প্রকল্পের রক্ষণাবেক্ষণকারীদের সঙ্গে কাজ করবেন। সম্ভাব্য কোড দুর্বলতা যাচাই, নিরাপত্তা প্যাচ তৈরি, পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা কাঠামো গড়ে তুলতে সহায়তা করবে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিরাপত্তা টুল কোডেক্স সিকিউরিটি।
এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, “প্যাচ দ্য প্ল্যানেট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি রক্ষণাবেক্ষণকারীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, বরং তাদের কাজ সহজ করে। নিরাপত্তা প্রকৌশলীরা রিপোর্ট যাচাই করবেন, প্যাচ তৈরিতে সহায়তা করবেন এবং ভবিষ্যৎ নিরাপত্তা উন্নয়নের জন্য পুনঃব্যবহারযোগ্য কর্মপ্রবাহ তৈরি করবেন।”
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অধিকাংশ ডিজিটাল অবকাঠামোই ওপেন সোর্স সফটওয়্যারের ওপর নির্ভরশীল। কিন্তু সীমিত সম্পদ ও ছোট ডেভেলপার দলের কারণে এসব প্রকল্প প্রায়ই নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। অতীতে লগফোরজে (লগফোরশেল) দুর্বলতার মতো ঘটনা দেখিয়েছে যে, ওপেন সোর্স সফটওয়্যারের একটি ত্রুটি বৈশ্বিক সাইবার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে।

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করা এবং সেগুলোর অপব্যবহারের আশঙ্কা বেড়েছে। এমন পরিস্থিতিতে ওপেনএআই বলছে, একই প্রযুক্তিকে প্রতিরক্ষামূলকভাবে ব্যবহার করে ওপেন সোর্স সফটওয়্যারকে আরও নিরাপদ করাই তাদের লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, ‘প্যাচ দ্য প্ল্যানেট’ সফল হলে এটি হাজারো ওপেন সোর্স প্রকল্পের নিরাপত্তা উন্নত করার পাশাপাশি ভবিষ্যতে বড় ধরনের সফটওয়্যার সরবরাহ-শৃঙ্খলভিত্তিক সাইবার হামলার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






