মেটার এন্টারপ্রাইজ এআই পরিকল্পনা শুধু এআই এজেন্টেই সীমাবদ্ধ নয়
মেটার এন্টারপ্রাইজ এআই পরিকল্পনা শুধু এআই এজেন্টেই সীমাবদ্ধ নয়। মেটা প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ এআই কৌশল শুধু ব্যবসার জন্য এআই এজেন্ট তৈরিতে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে বড় প্রতিষ্ঠানগুলোর জন্য এপিআই, বিজনেস এআই এজেন্ট, সরাসরি কম্পিউটিং ক্ষমতা (কম্পিউট) এবং আরও বিভিন্ন এআই সেবা বিক্রির পরিকল্পনা রয়েছে।

জুন মাসে মেটা ব্যবসাগুলোর জন্য একটি নতুন এআই এজেন্ট চালু করে, যা গ্রাহকসেবা, সহায়তা এবং দৈনন্দিন বিভিন্ন কাজ পরিচালনায় সহায়তা করে। তবে দ্বিতীয় প্রান্তিকের আয়-সংক্রান্ত বৈঠকে জাকারবার্গ বলেন, কোম্পানির লক্ষ্য এর চেয়েও অনেক বড়।
তিনি বলেন, বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশনের বাইরে নতুন আয়ের উৎস তৈরি করতে মেটা বিভিন্ন এন্টারপ্রাইজ এআই সেবা বাজারে আনতে চায়। শুরুতে প্রতিষ্ঠানটি তাদের বর্তমান বিজ্ঞাপনদাতাদের জন্য মেসেজিংভিত্তিক এআই এজেন্ট সরবরাহে গুরুত্ব দেবে, যাতে ব্যবসাগুলো নিজেদের গ্রাহকদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারে।
জাকারবার্গের ভাষায়, মেটার অভ্যন্তরীণভাবে ব্যবহৃত কোডিং, সফটওয়্যার উন্নয়ন এবং উৎপাদনশীলতার বিভিন্ন টুল ভবিষ্যতে বাইরের প্রতিষ্ঠানগুলোর কাছেও উন্মুক্ত করা হতে পারে। তার মতে, ছোট ব্যবসা থেকে শুরু করে বড় করপোরেট প্রতিষ্ঠান—সবাই এসব প্রযুক্তির সম্ভাব্য গ্রাহক।
তবে তিনি স্বীকার করেন, এন্টারপ্রাইজ বাজারে প্রবেশ করা মেটার জন্য নতুন অভিজ্ঞতা এবং এটি কোম্পানির প্রচলিত ব্যবসায়িক ধারা থেকে ভিন্ন।
কম্পিউটিং অবকাঠামো বিক্রির প্রসঙ্গে জাকারবার্গ বলেন, বর্তমানে মেটার অতিরিক্ত কম্পিউটিং সক্ষমতা লাভজনকভাবে বিক্রি করা সম্ভব হলেও, স্বল্পমেয়াদি লাভের জন্য সব সম্পদ বিক্রি করা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ ভবিষ্যতের ব্যক্তিগত সুপারইনটেলিজেন্সভিত্তিক এআই ব্যবস্থার জন্য শক্তিশালী হার্ডওয়্যার নিজেদেরই প্রয়োজন হবে।

তিনি আরও জানান, মেটা শুধু ব্যবসার জন্য নয়, সাধারণ ব্যবহারকারীদের জন্যও ব্যক্তিগত এআই সহকারী এবং এআই-চালিত স্মার্ট চশমার মতো পণ্য তৈরি করছে।
এছাড়া বড় ভাষা মডেল ব্যবহার করে দ্রুত নতুন সামাজিক অ্যাপ তৈরি করছে মেটা। ইতোমধ্যে মার্কেটপ্লেস বিক্রেতা, ফেসবুক গ্রুপ এবং গেম তৈরির জন্য একাধিক নতুন অ্যাপ চালু হয়েছে। জাকারবার্গ বলেন, ভবিষ্যতে আরও অনেক নতুন অ্যাপ আসবে এবং এআই-ভিত্তিক সুপারিশ ব্যবস্থার মাধ্যমে সেগুলো সঠিক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে।






