সমালোচনাকে ভুল প্রমাণ করল ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি। ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘লুচে’ নিয়ে শুরুতে ব্যাপক সমালোচনা হলেও বাস্তবে বিক্রিতে দারুণ সাফল্য পেয়েছে মডেলটি। মাত্র দুই মাসেই চলতি বছরের বিক্রির লক্ষ্য পূরণ করেছে ইতালির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

মে মাসে গাড়িটি উন্মোচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর নকশা নিয়ে নানা সমালোচনা হয়। কেউ এটিকে নিসানের লিফের সঙ্গে তুলনা করেন, আবার অনেকে দাবি করেন চীনা বৈদ্যুতিক গাড়িগুলো কম দামে আরও ভালো বিকল্প দেবে। এমনকি ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা দি মন্টেজেমোলোও সমালোচকদের দলে ছিলেন। গাড়ি উন্মোচনের পরদিন ফেরারির শেয়ারের দামও ৮ শতাংশ কমে যায়।
তবে বাস্তব চিত্র ভিন্ন। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেরারি এ বছর প্রায় ৫০০টি লুচে বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছিল, যার প্রতিটির দাম ৫ লাখ ৫৫ হাজার ইউরো। সেই লক্ষ্য মাত্র দুই মাসেই পূরণ হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিক্রি হওয়া গাড়িগুলোর অন্তত ২০ শতাংশ চীনের বাজারে যাচ্ছে। দ্রুতগতির চার দরজার বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ির চাহিদা থাকায় লুচে চীনা ক্রেতাদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
গাড়িটির নকশার বড় অংশ তৈরি করেছেন বিখ্যাত ডিজাইনার জনি আইভ এবং তার প্রতিষ্ঠান লাভফ্রম। অনলাইনে সমালোচনা হলেও বাস্তবে গাড়িটি দেখে অনেক ক্রেতা কেনার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ফেরারির দীর্ঘদিনের বিশ্বস্ত ও উচ্চ আয়ের ক্রেতাদের একটি বড় অংশের একাধিক ফেরারি গাড়ি রয়েছে। তাই অনেকেই দৈনন্দিন ব্যবহারের জন্যও ফেরারির এই পাঁচ আসনের বৈদ্যুতিক মডেলটি কিনছেন।
প্রাথমিক পর্যালোচনায়ও লুচের চালনাগত পারফরম্যান্স ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। ফলে সমালোচনার মুখে পড়লেও ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে সফল সূচনা করেছে।
