প্রযুক্তি সংবাদ

এআইয়ের হাইপ পেরিয়ে বাস্তব ব্যবহারের যুগে প্রবেশের ইঙ্গিত ওপেনএআইয়ের

5/5 - (1 vote)

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গত কয়েক বছরে আলোচনার কেন্দ্রে ছিল সম্ভাবনা, ভবিষ্যৎ ও বিপ্লবের প্রতিশ্রুতি। তবে সেই উচ্ছ্বাসের পর্ব শেষ হয়ে এখন বাস্তব প্রয়োগ, দায়বদ্ধতা ও ফলাফলভিত্তিক ব্যবহারের দিকে ঝুঁকছে এআই শিল্প। এমন ইঙ্গিতই মিলছে ওপেনএআইয়ের সাম্প্রতিক বক্তব্যে।

কোম্পানির ব্লগে প্রকাশিত এক লেখায় ওপেনএআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সারাহ ফ্রায়ার জানান, চলতি বছরে প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হবে ‘প্র্যাকটিক্যাল অ্যাডপশন’ বা বাস্তব প্রয়োগ। তাঁর ভাষায়, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন যা করতে সক্ষম এবং মানুষ, প্রতিষ্ঠান ও রাষ্ট্রগুলো যেভাবে তা দৈনন্দিন জীবনে ব্যবহার করছে—এই দুইয়ের মাঝের ব্যবধান কমানোই ওপেনএআইয়ের অগ্রাধিকার।

এআইয়ের হাইপ পেরিয়ে বাস্তব ব্যবহারের যুগে প্রবেশের ইঙ্গিত ওপেনএআইয়ের
এআইয়ের হাইপ পেরিয়ে বাস্তব ব্যবহারের যুগে প্রবেশের ইঙ্গিত ওপেনএআইয়ের

সারাহ ফ্রায়ার বলেন, স্বাস্থ্য, বিজ্ঞান ও করপোরেট খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ এখনই বড় এবং তাৎক্ষণিক। কারণ, এসব ক্ষেত্রে উন্নত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ সরাসরি ভালো ফলাফলে রূপ নেয়। তিনি আরও বলেন, অবকাঠামো সক্ষমতা বাড়ায় কী দেওয়া সম্ভব, উদ্ভাবন বাড়ায় বুদ্ধিমত্তার কার্যকারিতা, আর বাস্তব প্রয়োগ বাড়ায় এই প্রযুক্তি ব্যবহারকারীর সংখ্যা। রাজস্বই আবার পরবর্তী উন্নয়নের ভিত্তি তৈরি করে।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গির পরিবর্তন নির্দেশ করে। এত দিন যেখানে বড় বড় প্রতিশ্রুতি, মডেলের সক্ষমতা ও প্রযুক্তিগত উৎকর্ষ নিয়ে আলোচনা ছিল মুখ্য, সেখানে এখন গুরুত্ব পাচ্ছে বাস্তবে কীভাবে এই প্রযুক্তি কাজের ধারা বদলাচ্ছে।

আন্তর্জাতিক অটোমেশন প্রতিষ্ঠান অ্যাবির এআই বিভাগের প্রধান জন নিসলি বলেন, প্রতিষ্ঠানগুলো এখন আর শুধু মুগ্ধ হতে চায় না; তারা বিনিয়োগের বাস্তব সুফল দেখতে চায়। তাঁর মতে, স্বাস্থ্য বা আর্থিক খাতে এআই কার্যকর করতে হলে নির্ভুলতা, স্বচ্ছতা ও নীতিমালা মেনে চলা অপরিহার্য। ভবিষ্যতে সবচেয়ে শক্তিশালী নয়, বরং সবচেয়ে বিশ্বাসযোগ্য এআই সিস্টেমই এগিয়ে থাকবে।

যোগাযোগ ও পরিবর্তন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ বারবারা রুসের মতে, সমস্যাটি প্রযুক্তির নয়, বরং নেতৃত্ব ও সাংগঠনিক সংস্কৃতির। তাঁর ভাষায়, এআই প্রযুক্তি দ্রুত এগোলেও প্রতিষ্ঠানগুলোর কাজের ধারা, সিদ্ধান্ত গ্রহণ ও মানসিক প্রস্তুতি সেই গতিতে বদলায়নি। ফলে সক্ষমতা থাকলেও বাস্তব প্রয়োগে গতি আসছে না।

এআইয়ের হাইপ পেরিয়ে বাস্তব ব্যবহারের যুগে প্রবেশের ইঙ্গিত ওপেনএআইয়ের
এআইয়ের হাইপ পেরিয়ে বাস্তব ব্যবহারের যুগে প্রবেশের ইঙ্গিত ওপেনএআইয়ের

এই বাস্তবতার কথাই উঠে এসেছে ফ্রায়ারের বক্তব্যে। বিশ্লেষকদের মতে, ওপেনএআই প্রকাশ্যে ‘অ্যাডপশন’কে কৌশলগত লক্ষ্য হিসেবে চিহ্নিত করায় বোঝা যাচ্ছে—শিল্পটি এখন পরিণত এক ধাপে প্রবেশ করছে। সাফল্য আর শুধু পরীক্ষাগারের ফলাফলে নয়, বরং বাস্তবে কাজের ধরন ও মূল্য সৃষ্টির মাধ্যমে পরিমাপ করা হবে।

ব্যবসায়িক খাতে এই ব্যবধান আরও স্পষ্ট। অনেক প্রতিষ্ঠান ডেটা বিশ্লেষণ থেকে তথ্য পাচ্ছে, কিন্তু তা সিদ্ধান্তে বা কার্যকর পরিবর্তনে রূপান্তর করতে পারছে না। চুক্তি ব্যবস্থাপনা, ক্রয় বা দরকষাকষির মতো ক্ষেত্রে এআই তখনই কার্যকর হবে, যখন সেটি সরাসরি সিদ্ধান্ত গ্রহণে যুক্ত হবে মত বিশ্লেষকদের।

প্রযুক্তিবিদদের মতে, ভবিষ্যতের এআই হবে এমন, যা শুধু প্রশ্নের উত্তর দেবে না, বরং নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে—নিরাপদ ও পূর্বানুমেয়ভাবে। এ জন্য প্রয়োজন বিদ্যমান সফটওয়্যার, ডেটা ও কর্মপ্রবাহের সঙ্গে গভীর সংযোগ।

Related Articles

Back to top button