আইফোনে কনটেন্ট তৈরিতে উপযুক্ত মাইক্রোফোন কোনটি?
স্মার্টফোন দিয়ে কনটেন্ট তৈরির প্রবণতা দিন দিন বাড়ছে। বিশেষ করে ভিডিও, রিলস, পডকাস্ট কিংবা সরাসরি সম্প্রচারে আইফোন এখন অনেক নতুন কনটেন্ট নির্মাতার প্রথম পছন্দ। তবে ভালো ছবি থাকলেও পরিষ্কার শব্দ না হলে কনটেন্টের মান অনেকটাই কমে যায়। সে কারণে আইফোন ব্যবহার করে কনটেন্ট তৈরির সময় উপযুক্ত মাইক্রোফোন বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হলো ক্লিপ অন মাইক্রোফোন, যাকে সাধারণভাবে ল্যাভালিয়ার মাইক্রোফোন বলা হয়। ছোট আকারের এই মাইক্রোফোন জামার কলার বা ওড়নায় সহজেই লাগানো যায়। কথা বলার সময় মুখের কাছাকাছি থাকায় বাইরের শব্দ কম আসে এবং কণ্ঠস্বর স্পষ্টভাবে ধারণ হয়। ঘরের ভেতরে ভিডিও করা বা সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে এই মাইক্রোফোন বেশ কার্যকর।

যাঁরা ঘরের বাইরে ভিডিও করেন বা হাঁটতে হাঁটতে কথা বলেন, তাঁদের জন্য বেতার মাইক্রোফোন বেশি উপযোগী। এই ধরনের মাইক্রোফোনে তার না থাকায় চলাফেরা সহজ হয়। আইফোনের সঙ্গে একটি ছোট রিসিভারের মাধ্যমে সংযোগ স্থাপন করা যায়। ফলে ভ্লগিং বা মাঠপর্যায়ের ভিডিও তৈরিতে শব্দের মান ভালো থাকে।
পডকাস্ট বা স্থির অবস্থানে বসে ভিডিও করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ডেস্ক মাইক্রোফোন। এই মাইক্রোফোন সাধারণত টেবিলের ওপর স্থাপন করা হয়। এতে কণ্ঠস্বর গভীর ও পরিষ্কার শোনা যায়। যাঁরা গল্প বলা, আলোচনা বা দীর্ঘ কথোপকথনের ভিডিও তৈরি করেন, তাঁদের জন্য এটি উপযুক্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এ ছাড়া কিছু কনটেন্ট নির্মাতা মাউথপিস ধরনের মাইক্রোফোন ব্যবহার করেন, যা সরাসরি মুখের সামনে থাকে। তবে নতুনদের জন্য এটি কিছুটা অস্বস্তিকর হতে পারে। পাশাপাশি অতিরিক্ত শব্দ বা শ্বাসের আওয়াজও রেকর্ড হওয়ার ঝুঁকি থাকে।
আইফোনে মাইক্রোফোন ব্যবহারের ক্ষেত্রে সংযোগ পদ্ধতিও গুরুত্বপূর্ণ। নতুন মডেলের আইফোনে চার্জিং পোর্ট ছাড়া আলাদা অডিও পোর্ট না থাকায় উপযুক্ত সংযোগকারী ব্যবহার করতে হয়। অনেক মাইক্রোফোন সরাসরি আইফোনের সঙ্গে সংযুক্ত করা যায়, আবার কিছু ক্ষেত্রে আলাদা সংযোগকারী প্রয়োজন হয়।
বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন কনটেন্ট নির্মাতারা শুরুতে সহজ ও বহনযোগ্য মাইক্রোফোন দিয়ে কাজ শুরু করতে পারেন। ধীরে ধীরে কাজের ধরন বুঝে প্রয়োজন অনুযায়ী উন্নত মাইক্রোফোনে যাওয়াই ভালো। কারণ ভালো শব্দ কেবল কনটেন্টের মান বাড়ায় না, দর্শকের আস্থাও তৈরি করে।
সব মিলিয়ে, আইফোন দিয়ে কনটেন্ট তৈরির ক্ষেত্রে ক্যামেরার পাশাপাশি উপযুক্ত মাইক্রোফোন বেছে নেওয়াও এখন সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।






