এক্সে বদলাচ্ছে আয় ভাগাভাগির নিয়ম। ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স তাদের পুরোনো রেভিনিউ শেয়ারিং কর্মসূচি বন্ধ করে নতুন ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ চালু করতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ৭ সেপ্টেম্বরের পর পুরোনো কর্মসূচিতে আর নতুন অংশগ্রহণকারী নেওয়া হবে না। ৮ সেপ্টেম্বর থেকে নির্মাতারা নতুন কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন। তবে অংশ নিতে হলে এক্সের প্রিমিয়াম সেবার কোনো একটি স্তরের গ্রাহক হতে হবে।

এ ছাড়া একজন নির্মাতার অন্তত ৫০০ যাচাইকৃত অনুসারী থাকতে হবে এবং গত ৯০ দিনে যাচাইকৃত ব্যবহারকারীদের কাছ থেকে হোম টাইমলাইনে অন্তত ৫ লাখ ইমপ্রেশন পেতে হবে।
নতুন কর্মসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে মৌলিক বা নিজস্ব কনটেন্টকে। নিজের তৈরি প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও, মিম ও গ্রাফিক্স এর আওতায় পড়বে। অন্যের কনটেন্ট ব্যবহার করলে সেটিতে উল্লেখযোগ্য নিজস্ব মূল্য বা বিশ্লেষণ যোগ করতে হবে।
শুধু অন্য অ্যাকাউন্ট থেকে কনটেন্ট কপি করা, ডাউনলোড করে আবার আপলোড করা কিংবা উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়া পুনরায় পোস্ট করলে তা আয় পাওয়ার জন্য যোগ্য হবে না।
এক্স জানিয়েছে, পুরোনো রেভিনিউ শেয়ারিং কর্মসূচির প্রণোদনা ধীরে ধীরে ভুল দিকে চলে গিয়েছিল। নতুন ব্যবস্থার লক্ষ্য হলো নির্মাতাদের শুধু বেশি আয় করার জন্য পোস্ট করার বদলে প্ল্যাটফর্মে নতুন ও মৌলিক কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা।

পুরোনো কর্মসূচিতে নিয়ম পরিবর্তন নিয়ে এর আগেও জনপ্রিয় অ্যাকাউন্টগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। এবার এক্স বলছে, নতুন কর্মসূচির মাধ্যমে তারা শুরু থেকেই মৌলিক কনটেন্টকে পুরস্কৃত করতে চায়।
