প্রযুক্তি সংবাদ

টেরাফ্যাবে সৌরবিদ্যুৎ নয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ ব্যবহার করবে স্পেসএক্স

টেরাফ্যাবে সৌরবিদ্যুৎ নয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ ব্যবহার করবে স্পেসএক্স
Rate this post

টেরাফ্যাবে সৌরবিদ্যুৎ নয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ ব্যবহার করবে স্পেসএক্স। টেক্সাসে সেমিকন্ডাক্টর কারখানা ‘টেরাফ্যাব’ তৈরির পরিকল্পনা করেছে স্পেসএক্স। এই কারখানার বিদ্যুৎ চাহিদা মেটাতে সৌরবিদ্যুতের পরিবর্তে প্রাকৃতিক গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি।

টেরাফ্যাবে সৌরবিদ্যুৎ নয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ ব্যবহার করবে স্পেসএক্স
টেরাফ্যাবে সৌরবিদ্যুৎ নয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ ব্যবহার করবে স্পেসএক্স

ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে জানা গেছে, স্পেসএক্স টেরাফ্যাব প্রকল্পের জন্য নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তুলবে। বুধবার এক জনসভায় প্রতিষ্ঠানটির জ্বালানি ও ডেটা সেন্টার উন্নয়ন বিভাগের প্রধান রাইলি ট্রেটেল বলেন, প্রকল্পের জন্য স্পেসএক্স ‘নিজস্ব বিদ্যুৎ’ সরবরাহ করবে। এর সঙ্গে বড় আকারের ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থাও থাকবে।

টেরাফ্যাব প্রকল্পে টেসলা অংশীদার হলেও এখন পর্যন্ত স্পেসএক্সের কোনো ঘোষণা বা প্রতিবেদনে এই কারখানার জন্য সৌরবিদ্যুৎ ব্যবহারের কথা উল্লেখ করা হয়নি। টেসলা নিজেও সৌরবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান।

অন্যদিকে ইলন মাস্ক সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুতের ওপর বেশি নির্ভর করছেন। মেমফিসে এক্সএআইয়ের ডেটা সেন্টারগুলো প্রায় পুরোপুরি প্রাকৃতিক গ্যাসের বিদ্যুতে পরিচালিত হচ্ছে। সম্প্রতি প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশেষায়িত একটি প্রতিষ্ঠানও কিনেছেন মাস্ক। পাশাপাশি আগামী তিন বছরে ২৮০ কোটি ডলারের গ্যাস টারবাইন কেনার পরিকল্পনার কথা জানিয়েছে স্পেসএক্স।

টেক্সাসের গ্রাইমস কাউন্টিতে টেরাফ্যাব নির্মাণ করা হবে। এলাকাটি হিউস্টন শহরের কেন্দ্র থেকে প্রায় ৪৫ মাইল উত্তর-পশ্চিমে। প্রকল্পে ২০৩০ সালের মধ্যে অন্তত ৫০০ কোটি ডলার বিনিয়োগ এবং ২০৩৫ সালের মধ্যে ১ হাজার ৮০০টি পূর্ণকালীন কর্মসংস্থান তৈরির শর্তে স্পেসএক্সকে ১০০ শতাংশ কর অব্যাহতি দিয়েছে কাউন্টি। এ ছাড়া টেক্সাস সরকারও প্রকল্পটির জন্য ৩ কোটি ডলার প্রণোদনা দিচ্ছে।

কারখানাটির প্রাথমিক পর্যায়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬৮০ কোটি ডলার। এর আগে অবশ্য স্পেসএক্স এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ৫৫০০ কোটি ডলার হতে পারে বলে অনুমান করেছিল। টেরাফ্যাবে স্পেসএক্স ও এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের ডেটা সেন্টারের জন্য চিপ তৈরি করার পরিকল্পনা রয়েছে।

টেরাফ্যাবে সৌরবিদ্যুৎ নয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ ব্যবহার করবে স্পেসএক্স
টেরাফ্যাবে সৌরবিদ্যুৎ নয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ ব্যবহার করবে স্পেসএক্স

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের কারণে নতুন প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চাহিদাও বেড়েছে। এর ফলে এ ধরনের বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ব্যয় ৬৬ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুগল, মেটা ও মাইক্রোসফটও সাম্প্রতিক মাসগুলোতে বড় আকারের বিদ্যুৎ প্রকল্পের ঘোষণা দিয়েছে।

নিজস্ব বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে ডেটা সেন্টার প্রকল্প দ্রুত চালু করার সুযোগ থাকলেও এর পরিবেশগত ঝুঁকি রয়েছে। প্রাকৃতিক গ্যাসচালিত টারবাইন থেকে উল্লেখযোগ্য পরিমাণে দূষণ ছড়াতে পারে। এ কারণে এক্সএআইয়ের বিরুদ্ধে অনুমোদন ছাড়া প্রাকৃতিক গ্যাস টারবাইন ব্যবহারের অভিযোগে মামলাও হয়েছে।