ফিনিক্সে উবার-ওয়েমোর পথ আলাদা
ফিনিক্সে উবার-ওয়েমোর পথ আলাদা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে প্রায় তিন বছরের অংশীদারিত্বের ইতি টেনেছে স্বচালিত গাড়ি নির্মাতা Waymo এবং রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান Uber। ফলে এখন থেকে উবার অ্যাপের মাধ্যমে ফিনিক্সে ওয়েমোর রোবোট্যাক্সি আর বুক করা যাবে না।

দুই প্রতিষ্ঠান জানিয়েছে, এটি ছিল একটি নির্দিষ্ট মেয়াদের পাইলট প্রকল্প, যার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সহযোগিতা বন্ধ করা হয়েছে। উবার ব্যবহার করা ওয়েমোর গাড়িগুলো ইতোমধ্যে কোম্পানিটির নিজস্ব ফিনিক্স বহরে যুক্ত হয়েছে এবং এখন সেগুলো শুধুমাত্র ওয়েমোর নিজস্ব অ্যাপের মাধ্যমে সেবা দেবে।
তবে উবার জানিয়েছে, ফিনিক্সে খুব শিগগিরই নতুন একটি স্বচালিত গাড়ি অংশীদারের সঙ্গে সেবা চালু করবে। যদিও সেই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, অস্টিন ও আটলান্টায় উবার অ্যাপের মাধ্যমে এখনও ওয়েমোর রোবোট্যাক্সি সেবা চালু রয়েছে। ২০২৩ সালে শুরু হওয়া এই অংশীদারিত্বের মাধ্যমে ফিনিক্সে কয়েক লাখ স্বচালিত যাত্রা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দুই প্রতিষ্ঠান।

বর্তমানে ওয়েমো যুক্তরাষ্ট্রের ১১টি বড় শহরে কার্যক্রম পরিচালনা করছে। কোম্পানিটির প্রায় ৪ হাজার রোবোট্যাক্সি প্রতি সপ্তাহে পাঁচ লাখের বেশি যাত্রা সম্পন্ন করছে এবং চলতি বছর আরও প্রায় ২০টি নতুন শহরে সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।






