ইনস্টাগ্রামে অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন ফিচার
ইনস্টাগ্রামে অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন ফিচার। ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী কনটেন্ট দেখানোর সুবিধা আরও উন্নত করতে নতুন কয়েকটি ফিচার পরীক্ষা করছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোন ধরনের পোস্ট বেশি বা কম দেখতে চান, তা আরও সহজে নির্ধারণ করতে পারবেন।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এক পোস্টে জানান, প্রতিষ্ঠানটি “Your Algorithm” ফিচারকে আরও সহজলভ্য ও কার্যকর করার পরিকল্পনা করছে। গত বছর চালু হওয়া এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগ্রহের বিষয়গুলো বেছে নিতে পারেন এবং যেসব বিষয় কম দেখতে চান, সেগুলোর পরিমাণও নিয়ন্ত্রণ করতে পারেন।
পরীক্ষাধীন নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে—নিউজফিডে নিচের দিকে টানলে “Your Algorithm” মেনু দেখানো, রিলস দেখার সময় ওপরের দিকে সোয়াইপ করলে কনটেন্ট পছন্দ অনুযায়ী সাজানোর অপশন এবং প্রতিটি রিলের নিচে ‘এ ধরনের আরও দেখুন’ বা ‘কম দেখান’ ধরনের বোতাম।
মোসেরি বলেন, “Your Algorithm”-কে শুধু একটি সেটিংস অপশন হিসেবে নয়, বরং ইনস্টাগ্রাম ব্যবহারের কেন্দ্রীয় অভিজ্ঞতার অংশ হিসেবে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। তবে তিনি জানান, সব ফিচার এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সবগুলো শেষ পর্যন্ত চালু নাও হতে পারে।

তবে মোসেরির ঘোষণার পর অনেক ব্যবহারকারী মন্তব্য করে জানিয়েছেন, তারা মূলত অ্যালগরিদমের পরিবর্তে যাদের অনুসরণ করেন, তাদের পোস্টই বেশি দেখতে চান।






