টাটা ইলেকট্রনিক্সে ডেটা ফাঁস
টাটা ইলেকট্রনিক্সে ডেটা ফাঁস।অ্যাপল ও টেসলার নথি ফাঁসের দাবি, তদন্তে কোম্পানি।

ভারতের ইলেকট্রনিকস ও সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিক্সে সাইবার হামলার ঘটনা ঘটেছে। অ্যাপল ও টেসলার গুরুত্বপূর্ণ সরবরাহকারী প্রতিষ্ঠানটি কয়েক সপ্তাহ আগে নিজেদের কিছু সিস্টেমে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে বলে নিশ্চিত করেছে।
একটি হ্যাকার ফোরামে টাটা ইলেকট্রনিক্সের প্রায় ৬৩০ গিগাবাইট তথ্য চুরির দাবি করা হয়। সেখানে ২ লাখের বেশি ফাইল থাকার কথা বলা হয়েছে। ফাঁস হওয়া নমুনা ফাইলগুলোর মধ্যে অ্যাপলের সরবরাহকারী সংক্রান্ত স্পেসিফিকেশন এবং টেসলার উৎপাদনসংক্রান্ত কিছু নথি থাকার দাবি করা হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
টাটা ইলেকট্রনিক্সের একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনা শনাক্ত হওয়ার পরপরই কোম্পানি জরুরি প্রতিক্রিয়া প্রক্রিয়া চালু করে। তবে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করা হয়েছে।
কোম্পানিটি কী ধরনের তথ্য ফাঁস হয়েছে, কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অ্যাপল বা টেসলার তথ্য প্রকাশ পেয়েছে কি না—এসব বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, টাটা ইলেকট্রনিক্স ইতোমধ্যে তাদের কিছু কর্মীকে ডেটা ফাঁসের বিষয়ে অবহিত করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাপল ঘটনাটি তদন্ত করছে এবং টাটা ইলেকট্রনিক্সের কাছে মুক্তিপণও দাবি করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের বাইরে বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে টাটা ইলেকট্রনিক্স বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠানটি অ্যাপল, টেসলা, এএসএমএল, ইন্টেল ও কোয়ালকমসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।






