ম্যাক ব্যবহারকারীদের স্বস্তি : একবার কিনলেই আজীবন ব্যবহারযোগ্য মাইক্রোসফট অফিস
ছুটির মৌসুমে প্রযুক্তিপণ্যে বিশেষ ছাড় নতুন কিছু নয়। তবে এবারের একটি অফার ম্যাক ব্যবহারকারীদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। জনপ্রিয় সফটওয়্যার প্যাকেজ মাইক্রোসফট অফিসের ম্যাক সংস্করণ এবার মিলছে এককালীন মূল্যে, আজীবন ব্যবহারের লাইসেন্সসহ। নিয়মিত সাবস্ক্রিপশন ফি ছাড়াই অফিসের প্রয়োজনীয় সব টুল ব্যবহারের সুযোগ থাকায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম ম্যাশেবল জানিয়েছে, মাইক্রোসফট অফিস হোম অ্যান্ড বিজনেস ২০২১ ফর ম্যাক প্যাকেজটি বর্তমানে ৭৭ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। সাধারণত যার দাম ২১৯ ডলার, সেটি এখন বিক্রি হচ্ছে ৪৯ দশমিক ৯৭ ডলারে। একবার কিনলেই ব্যবহার করা যাবে আজীবন, আলাদা করে মাসিক বা বার্ষিক ফি দিতে হবে না।
এই প্যাকেজে রয়েছে দৈনন্দিন কাজের জন্য বহুল ব্যবহৃত সফটওয়্যারগুলো। এর মধ্যে আছে লেখা ও নথি তৈরির জন্য ওয়ার্ড, হিসাব ও তথ্য বিশ্লেষণের জন্য এক্সেল, উপস্থাপনার জন্য পাওয়ার পয়েন্ট, ই–মেইল ও সময় ব্যবস্থাপনার জন্য আউটলুক। পাশাপাশি নোট সংরক্ষণের জন্য ওয়ান নোট এবং দলগত যোগাযোগের জন্য টিমসের মৌলিক সংস্করণও অন্তর্ভুক্ত রয়েছে। ম্যাক ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যক্তিগত ও পেশাগত প্রয়োজন মেটানোর জন্য এই সফটওয়্যারগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে।
প্রতিবেদনে বলা হয়েছে, এটি হোম অ্যান্ড বিজনেস সংস্করণ হওয়ায় শিক্ষার্থী বা পরিবারের পাশাপাশি ফ্রিল্যান্সার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং ছোট দলও এই লাইসেন্স ব্যবহার করতে পারবেন। আলাদা করে বাণিজ্যিক ব্যবহারের অনুমতি নিতে হবে না। ফলে যারা নিয়মিত অফিসের কাজে বা পেশাগত প্রয়োজনে এসব সফটওয়্যার ব্যবহার করেন, তাঁদের জন্য এটি সাশ্রয়ী একটি সমাধান হিসেবে দেখা হচ্ছে।

ইনস্টলেশন প্রক্রিয়াও সহজ বলে জানিয়েছে ম্যাশেবল। লাইসেন্স কোডটি নির্দিষ্ট কোনো যন্ত্রের সঙ্গে নয়, বরং ব্যবহারকারীর মাইক্রোসফট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। একবার কোডটি অ্যাকাউন্টে যুক্ত করলে প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করা যাবে। কেনার পরপরই ই–মেইলের মাধ্যমে ডাউনলোড লিংক ও লাইসেন্স কী পাঠিয়ে দেওয়া হয়।
আরও জানা গেছে, এই লাইসেন্স ব্যবহার করে ম্যাকের সাম্প্রতিক অপারেটিং সিস্টেম সংস্করণগুলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা যাবে। ম্যাকওএসের ১৩, ১৪ এবং ১৫ সংস্করণে এটি কার্যকরভাবে চলবে এবং প্রয়োজনীয় আপডেটও অন্তর্ভুক্ত থাকবে। ফলে নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করলেও আলাদা করে নতুন অফিস প্যাকেজ কেনার প্রয়োজন হবে না।
বর্তমানে বিনোদন, স্বাস্থ্য, কাজকর্ম সব ক্ষেত্রেই নানা ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশনের চাপ বাড়ছে। ভিডিও দেখার প্ল্যাটফর্ম থেকে শুরু করে কাজের সফটওয়্যার সবকিছুতেই মাসিক বা বার্ষিক খরচ যোগ হচ্ছে। এই প্রেক্ষাপটে এককালীন মূল্যে আজীবন ব্যবহারের সুযোগ অনেক ব্যবহারকারীর কাছেই স্বস্তির বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছুটির মৌসুমকে সামনে রেখে এই অফারটি আনা হয়েছে। তবে ছাড়ের মূল্য ও প্রাপ্যতা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই আগ্রহী ব্যবহারকারীদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, যাঁরা ম্যাক কম্পিউটারে নিয়মিত অফিস সফটওয়্যার ব্যবহার করেন এবং সাবস্ক্রিপশন নির্ভরতা থেকে মুক্তি চান, তাঁদের জন্য এই ছাড়ের অফারটি সময়োপযোগী একটি সুযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে।





