নতুন ভূমিকায় নোভাক জোকোভিচ
নতুন ভূমিকায় নোভাক জোকোভিচ।টেনিস কোর্টের সাফল্যের পর এবার করপোরেট জগতেও নতুন দায়িত্ব পেলেন বিশ্বের অন্যতম সফল টেনিস তারকা নোভাক জোকোভিচ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান জেনারেল আটলান্টিক (General Atlantic) তাকে গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দিয়েছে। নেতৃত্ব, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কৌশল নির্ধারণে প্রতিষ্ঠানটির নেতৃত্ব, বিনিয়োগকারী ও পোর্টফোলিও কোম্পানিগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন তিনি।

উইম্বলডনে নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে মাঠে নামার ঠিক আগে এ ঘোষণা এসেছে। ফলে ক্রীড়াঙ্গনের পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও জোকোভিচের নতুন যাত্রা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্বাস্থ্য ও ওয়েলনেস খাতে দীর্ঘদিনের আগ্রহ
শুধু টেনিস নয়, গত কয়েক বছরে স্বাস্থ্য ও ওয়েলনেস খাতেও সক্রিয়ভাবে বিনিয়োগ করেছেন জোকোভিচ। ২০২৩ সালে তিনি Waterdrop-এ বিনিয়োগ করেন। এরপর ২০২৪ সালে নিজস্ব পুষ্টি–সম্পূরক (Supplement) ব্র্যান্ড SILA প্রতিষ্ঠা করেন। ২০২৫ সালে চালু করেন স্বাস্থ্যকর স্ন্যাকস ব্র্যান্ড Cob Foods। এছাড়াও ওয়্যারেবল প্রযুক্তি প্রতিষ্ঠান Incrediwear-এও বিনিয়োগ রয়েছে তার।
বিশ্লেষকদের মতে, স্বাস্থ্যসচেতনতা এবং সুস্থ জীবনযাপনের বাজারে জোকোভিচের অভিজ্ঞতা ও ব্যক্তিগত ব্র্যান্ডকে কাজে লাগাতে চায় জেনারেল আটলান্টিক।
খেলাধুলা খাতে বিনিয়োগ বাড়াতে চায় প্রতিষ্ঠানটি
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল আটলান্টিক বর্তমানে খেলাধুলা-ভিত্তিক বিনিয়োগও দ্রুত সম্প্রসারণ করছে। গত দুই বছরে প্রতিষ্ঠানটি একটি ফুটবল ক্লাব, একটি ক্রীড়া স্টেডিয়াম এবং একটি স্পোর্টস মিডিয়া এজেন্সিতে বিনিয়োগ করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার ভাষ্য, পেশাদার টেনিসের ভবিষ্যৎ নিয়ে জোকোভিচের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। সেই অভিজ্ঞতা ও বৈশ্বিক যোগাযোগ ভবিষ্যতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোর্টের বাইরেও নতুন ইনিংস
খেলোয়াড়দের ব্যবসায়িক সম্পৃক্ততা এখন বিশ্বজুড়ে বাড়ছে। সেই ধারাবাহিকতায় নোভাক জোকোভিচের এই নতুন দায়িত্বও বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কোর্টের সাফল্যের পাশাপাশি উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবেও নিজের অবস্থান আরও শক্তিশালী করার পথে আরেকটি বড় পদক্ষেপ নিলেন সার্বিয়ান এই টেনিস কিংবদন্তি।






